জয় তখন প্রায় নিশ্চিত, ম্যাচের উত্তেজনা অনেকটাই থিতিয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তেই মাঠে এমন এক দৃশ্য তৈরি করলেন তরুণ তুর্কি তারকা আর্দা গুলার, যা দেখে গ্যালারিতে বসা দর্শক থেকে শুরু করে টেলিভিশনের সামনে থাকা ফুটবলপ্রেমীরা বিস্ময়ে হতবাক।
নিজ অর্ধে বল পেয়ে আচমকা দূরপাল্লার শট নিলেন তিনি। বল আকাশে ভেসে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে পড়তেই যেন মুহূর্তে বদলে গেল ম্যাচের আবহ। এক গোলেই শুধু ব্যবধান বাড়েনি, ইতিহাসের পাতাতেও নতুন করে নিজের নাম লিখিয়ে ফেলেছেন এই তরুণ মিডফিল্ডার।
শনিবার দিবাগত রাতে লা লিগার ম্যাচে এলচেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে মাত্র এক পয়েন্টে। আজ রোববার বার্সেলোনার ঘরের মাঠে সেভিয়ার ম্যাচে তাই বাড়তি চাপ সৃষ্টি করবে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ৩৯ মিনিটে জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের গোলে এগিয়ে যায় তারা। ভালভার্দের নেওয়া ফ্রি-কিক এলচের গোলরক্ষক দিতুরো ঠেকালেও রিবাউন্ড পরিষ্কার করতে পারেনি রক্ষণভাগ। সুযোগ পেয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন রুডিগার।
বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন দুর্দান্ত ফর্মে থাকা ফেদে ভালভার্দে। বক্সের কিনারে জায়গা তৈরি করে কৌশলগত শটে বল পাঠান জালের উপরের কোণে। এটি তার শেষ তিন ম্যাচে পঞ্চম গোল। এর আগে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও করেছিলেন চমকপ্রদ হ্যাটট্রিক।
দ্বিতীয়ার্ধে কোচ আলভারো আরবেলোয়া বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে মাঠে নামান। ১৮ বছর বয়সী উইঙ্গার দানিয়েল ইয়ানেজের দারুণ ক্রস থেকে হেডে তৃতীয় গোল করেন ডিন হাইসেন। এরপর অবশ্য কিছুটা অস্বস্তির মুহূর্ত আসে রিয়ালের জন্য। বদলি খেলোয়াড় মানুয়েল আনহেল বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজের জালেই পাঠিয়ে দেন, ফলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-১।
তবে ম্যাচের শেষ হাসিটা ছিল আর্দা গুলেরের। গোলরক্ষককে পোস্টের বাইরে এগিয়ে থাকতে দেখে নিজ অর্ধ থেকেই লব করেন তিনি। বল ধীরে ধীরে উড়ে গিয়ে জালে ঢুকে পড়ে, আর পেছনে দৌড়েও তা আটকাতে পারেননি দিতুরো।
এই গোল ইতোমধ্যেই ইতিহাসে জায়গা করে নিয়েছে। ২০০৪ সালে হোসে আন্তোনিও ৬৮ মিটার দূর থেকে গোল করেছিলেন। দুই দশক পর ২০২৬ সালে এসে ঠিক একই দূরত্ব থেকে গোল করে সেই রেকর্ডে ভাগ বসালেন গুলার।
এদিকে সামনে রয়েছে বড় পরীক্ষা। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লক্ষ্যে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিয়াহদে নামবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের কথা মাথায় রেখেই দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র, ভালভার্দে ও চোয়ামেনিকে বিশ্রাম দেন কোচ আরবেলোয়া। তবু তরুণদের নিয়ে সহজ জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েই মাঠ ছাড়ে লস মেরেঙ্গুয়েজরা।