দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে সুখবর পেল বার্সেলোনা। দলের তরুণ মিডফিল্ডার গাভি এখন পুরোপুরি সুস্থ এবং আবারও ম্যাচ খেলার জন্য প্রস্তুত। লা লিগায় সেভিয়ার বিপক্ষে আজকে সেভিয়ার ম্যাচেই তার মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত বছরের আগস্টের শেষ দিকে হাঁটুতে গুরুতর চোট পান এই স্প্যানিশ ফুটবলার। শুরুতে সেই চোটকে তুলনামূলক কম গুরুতর মনে হলেও পরে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা বুঝতে পারেন সমস্যা ধারণার চেয়ে বেশি জটিল। ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। প্রায় ছয় মাসের বেশি সময় পুনর্বাসন ও চিকিৎসা শেষে অবশেষে ম্যাচ খেলার জন্য মেডিকেল অনুমোদন পেয়েছেন গাভি। এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, গাভি এখন সম্পূর্ণ সুস্থ এবং সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলার জন্য প্রস্তুত।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলেন, ‘সে ফিরে এসেছে দেখে আমি খুব খুশি। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। অনুশীলনে তাকে ভালো লাগছে, কিন্তু আমরা তাকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে চাই।’
গাভির মানসিকতা নিয়েও প্রশংসা করেন তিনি। ফ্লিক বলেন, ‘গাভির মানসিকতা অসাধারণ। তার উদ্দীপনা দলকে আলাদা শক্তি দেয়।’
সম্প্রতি অ্যাথলেটিক ক্লাব ও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও দলের সঙ্গে ছিলেন গাভি। তবে সেভিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। ধীরে ধীরে ম্যাচে সময় বাড়িয়ে আবারও দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।
এদিকে চলতি মৌসুমে লা লিগার শিরোপা দৌড়ে এগিয়ে আছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির সংগ্রহ ৬৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।