আবারও এফসি বার্সেলোনার সভাপতির দায়িত্ব পেলেন হুয়ান লাপোর্তা। রোববার স্প্যানিশ ক্লাবটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ৬৩ বছর বয়সী এই সংগঠক। এ নিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থ মেয়াদে বার্সেলোনার সভাপতি হলেন লাপোর্তা। নির্বাচনে তিনি পেয়েছেন ৩২ হাজার ৯৩৪ ভোট, যা মোট ভোটের ৬৮.১৮ শতাংশ।
সভাপতি পদে লাপোর্তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিক্টর ফন্ট। তবে তিনি লাপোর্তার অর্ধেক ভোটও পাননি। ফন্ট পেয়েছেন ১৪ হাজার ৩৮৫ ভোট, যা মোট ভোটের ২৯.৭৮ শতাংশ। এর আগে ২০২১ সালে ৩০ হাজার ১৮৪ ভোট (৫৪.২৮ শতাংশ) পেয়ে তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছিলেন লাপোর্তা। তার প্রথম দফার সভাপতিত্ব ছিল ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত।
নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রতিক্রিয়া জানিয়ে লাপোর্তা বলেন, ‘এটি সত্যিই এক জোরালো ফলাফল, যা আমাদের ভীষণ শক্তি জোগায়। এটি আমাদেরকে অপ্রতিরোধ্য করে তোলে। কেউ আমাদের থামাতে পারবে না। সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর কিছু বছর, যা হবে আমাদের জীবনের সেরা সময়।’
তিনি আরও বলেন, ‘এটি একটি অসাধারণ ক্লাব, যেখানে সদস্যরাই তাদের সভাপতি এবং পরিচালনা পর্ষদ নির্বাচন করেন। পৃথিবীতে এমন অনন্য ও সত্যিই ব্যতিক্রমী ক্লাব খুব কমই আছে।’
ভোট দিতে আসা সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান লাপোর্তা। তিনি বলেন, ‘যেসব সদস্য ভোট দিতে এসেছেন, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনটি ছিল গণতন্ত্র ও নাগরিক চেতনার এক উৎসব। একই সঙ্গে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের কর্মকর্তারা ও কর্মীরা যে চমৎকার কাজ করেছেন, সেটিও আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই।’