পাকিস্তান সুপার লিগের একাদশ আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই প্রস্তুতির মধ্যেই নতুন করে আলোচনায় এলেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। নিলামে উপেক্ষিত থাকার পর অবশেষে সরাসরি চুক্তিতে পেশোয়ার জালমিতে জায়গা করে নিয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জালমি। এক্সে দেওয়া বার্তায় দলটি জানায়, শরিফুলের মতো এক্সপ্রেস বাঁহাতি পেসার দলে যোগ দেওয়ায় তাদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। নতুন মৌসুমে হলুদ জার্সিতে তাকে ঘিরে আলাদা প্রত্যাশার কথাও জানানো হয়।
২৪ বছর বয়সী এই পেসার ইতোমধ্যেই বাংলাদেশের তিন ফরম্যাটে নিয়মিত মুখ। সাম্প্রতিক বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে তার পারফরম্যান্সই মূলত তাকে আবার আলোচনায় নিয়ে এসেছে। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক বোলিং করে ৫.৮৪ ইকোনমিতে ২৬ উইকেট শিকার করেন তিনি, যা এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড।
তবে এমন পারফরম্যান্সের পরও পিএসএলের প্রথম নিলামে জায়গা হয়নি তার। পরে ফ্র্যাঞ্চাইজির সরাসরি প্রস্তাবে জালমিতে যোগ দেওয়ার সুযোগ পান শরিফুল; যা তার ক্যারিয়ারের জন্য বড় এক মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। এর আগে একই দলে যুক্ত হয়েছেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা। ফলে জালমির পেস আক্রমণে এবার দেখা যেতে পারে বাংলাদেশের দুই তরুণ গতিতারকার জুটি।
অন্যদিকে নিলাম থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নাহিদ ও ইমন শুরুতে দল না পেলেও পরে বেস প্রাইসে চুক্তি নিশ্চিত করেন। মোস্তাফিজুর সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন বড় অঙ্কে, আর ইমনও খেলবেন একই দলে। রিশাদ নাম লিখিয়েছেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজে।
সবমিলিয়ে এবারের পিএসএলে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের উপস্থিতি টুর্নামেন্টটিকে বাড়তি আকর্ষণ দিচ্ছে, যেখানে শরিফুল ইসলামের অন্তর্ভুক্তি নতুন মাত্রা যোগ করল।