টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেও, এর পেছনের কারণ ও কূটনৈতিক প্রক্রিয়া এখন খতিয়ে দেখার উদ্যোগ নিচ্ছে সরকার।
বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয়। তবে সদস্য দেশগুলোর ভোটাভুটিতে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। জানা যায়, এই বিষয়ে পাকিস্তান ছাড়া আর কোনো দেশ বাংলাদেশের পাশে দাঁড়ায়নি।
বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে অস্বীকৃতি জানালে তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। এতে একদিকে বিসিবির অবস্থানকে কেউ কেউ দৃঢ়তা হিসেবে দেখছেন, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কূটনৈতিক দুর্বলতার প্রশ্নও উঠছে।
এই প্রেক্ষাপটে বিষয়টি তদন্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশ কেনো বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক কি ব্যর্থতা ছিল তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’
সরকারের এই উদ্যোগে স্পষ্ট, শুধু সিদ্ধান্ত নয়— এর পেছনের পুরো প্রক্রিয়াই এখন বিশ্লেষণের আওতায় আসছে। এতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেটিও উঠে আসতে পারে।