বিশ্বকাপের আগে শেষ পরীক্ষার মঞ্চ, আর সেই মঞ্চে নিজেদের সাজিয়ে নিতে একটুও ঝুঁকি নিচ্ছে না জার্মানি। ২০২৬ বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লক্ষ্য একটাই, শেষ মুহূর্তের ঘাটতি মুছে ফেলা।
আগামী ২৭ মার্চ সুইজারল্যান্ড এবং ৩০ মার্চ ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচ। এই দুই ম্যাচই যেন জার্মানির জন্য ‘ড্রেস রিহার্সাল’। কোচ জুলিয়ান নাগেলসম্যান জানেন, এখানেই বোঝা যাবে কারা আসল মঞ্চে জায়গা পাওয়ার যোগ্য।
দলে ফিরে এসেছে পরিচিত কিছু মুখ। কাই হাভার্টজ, কেভিন শ্যাডে, আন্তন স্ট্যাচ এবং জশা ভাগনোম্যান; এই চারজনের ফেরাটা স্কোয়াডে নতুন ভারসাম্য এনে দিতে পারে। বিশেষ করে আক্রমণভাগে হাভার্টজের উপস্থিতি জার্মানির পরিকল্পনায় বাড়তি ধার যোগ করবে। রক্ষণে আগের মতোই ভরসা রাখা হয়েছে অভিজ্ঞদের ওপর। জশুয়া কিমিখ ও আন্তোনিও রুডিগারের মতো খেলোয়াড়রা থাকছেন নেতৃত্বে। বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার মূল্য কতটা, সেটা ভালোভাবেই জানেন নাগেলসম্যান।
তবে এই দলে সবচেয়ে বড় চমক দুই নতুন মুখ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল এবং ২২ বছর বয়সী গোলকিপার জোনাস আর বিগ। ভবিষ্যতের কথা ভেবে তরুণদের সুযোগ দেওয়ার এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। কিন্তু আলোচনার কেন্দ্রে অন্য একটি বিষয় মুসিয়ালার অনুপস্থিতি। বাম পায়ের চোটে বাদ পড়েছেন জামাল মুসিয়ালার। তার অনুপস্থিতি জার্মানির সৃজনশীলতায় বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে অবাক করেছে অ্যাঞ্জেলো স্তিলারের বাদ পড়া, যিনি ক্লাব পর্যায়ে দারুণ ফর্মে ছিলেন।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, এরপর স্টুটগার্টে ঘানাকে আতিথ্য। এই দুই লড়াই শেষে সরাসরি বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে ঢুকে পড়বে দল। থামার সুযোগ নেই; জুনে যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ অপেক্ষা করছে। সব মিলিয়ে, সময় খুব কম, আর চাপ অনেক বেশি। এখন দেখার বিষয়, এই স্কোয়াড থেকেই কারা শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে জার্মানির স্বপ্ন বয়ে নিয়ে যায়।
জার্মানির স্কোয়াড:
গোলকিপার: অলিভার বাউম্যান, আলেকজান্ডার নুবেল, জোনাস উর্বিগ।
ডিফেন্ডার: ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, জশুয়া কিমিখ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথন তাহ, মালিক থিয়াও, জশা ভাগনোম্যান।
মিডফিল্ডার: পাসকাল গ্রস, লিওন গোরেটজকা, ফেলিক্স নমেচা, আলেকজান্ডার পাভলোভিচ, আন্তন স্ট্যাচ, ফ্লোরিয়ান উইর্টজ।
ফরোয়ার্ড: সার্জ গ্যানাব্রি, কাই হাভার্টজ, লেনার্ট কার্ল, জেমি লেভেলিং, লেরয় সানে, কেভিন শ্যাডে, দেনিজ উন্দাভ, নিক ভলটেমেড।