মার্চের আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে নতুন করে দল সাজিয়েছে ফ্রান্স। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে ঘিরে কোচ দিদিয়ে দেশম ঘোষণা করেছেন ২৭ সদস্যের স্কোয়াড, যেখানে সবচেয়ে বড় খবর হলো- দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের জার্সিতে হাঁটুর চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরা এমবাপ্পে আবার জাতীয় দলে যোগ দেওয়ায় স্বস্তি ফিরেছে ফরাসি শিবিরে। বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ খুঁজে পাওয়ার এই প্রস্তুতি ম্যাচগুলোতে তার উপস্থিতি দলে ভারসাম্য আনবে বলেই মনে করা হচ্ছে এমবাপ্পের সামনে রয়েছে বড় এক মাইলফলকও। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড থেকে তিনি এখন মাত্র তিনটি গোল দূরে রয়েছেন। এই তালিকায় এখনো শীর্ষে আছেন অলিভিয়ে জিরু, যিনি ১৩৭ ম্যাচে করেছেন ৫৭ গোল।
এদিকে আক্রমণভাগে নতুন মুখ ও বিকল্প খুঁজে দেখছেন দেশম। প্যারিস সেন্ট-জার্মেইর ব্র্যাডলি বারকোলা চোটে পড়ায় ফরোয়ার্ড লাইনে কিছু পরিবর্তন আনতে হয়েছে। সুযোগ পেয়েছেন টটেনহামের কলো মুয়ানি, যিনি আবারও দলে ফিরেছেন। একই সঙ্গে মোনাকোর মাঘনেস আকলিওচও নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। সব মিলিয়ে ফরোয়ার্ড তালিকায় রয়েছে ৯ জন খেলোয়াড়।
গোলরক্ষকের জায়গায়ও চমক রেখেছেন দেশম। পিএসজির লুকাস শেভালিয়ারকে দলে ডাকা হয়েছে, যদিও ক্লাব পর্যায়ে তার অবস্থান নিয়ে প্রশ্ন ছিল। অন্যদিকে লেন্সের রবিন রিসার ও কোমোর জিন বুতেজ এই সফরে জায়গা পাননি।
ফ্রান্সের এই সফর শুরু হবে ২৬ মার্চ, বস্টনে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। ২০১৮ সালের মার্চের পর এই প্রথমবার দুই দলের দেখা হচ্ছে। সেই ম্যাচে জুয়ান কুইন্টারোর ৮৫ মিনিটের পেনাল্টিতে কলম্বিয়া ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল।
ফ্রান্সের স্কোয়াড:
গোলরক্ষক: লুকাস শেভালিয়ার (পিএসজি), মাইক মাইয়ন (মিলান), ব্রাইস সাম্বা (রেন)
ডিফেন্ডার: লুকাস ডিজনে (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), লুকাস হার্নান্দেজ (পিএসজি), থেও হার্নান্দেজ (আল-হিলাল), পিয়ার কালুলু (জুভেন্টাস), ইব্রাহিমা কনাতে (লিভারপুল), উইলিয়াম সালিবা (আর্সেনাল), দায়ট উপামেকানো (বায়ার্ন)
মিডফিল্ডার: এডুয়ার্ডো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), এনগোলো কান্তে (ফেনারবাহসে), মানু কোনে (এএস রোমা), আদ্রিয়ান রাবিও (মিলান), অরেলিয়েন চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জেয়ার-এমরি (পিএসজি)
ফরোয়ার্ড: মাঘনেস আকলিওচ (মোনাকো), রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), উসমান ডেম্বেলে (পিএসজি), ডেসাইরে দুয়ে (পিএসজি), হুগো একিটিকে (লিভারপুল), কলো মুয়ানি (টটেনহাম), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মাইকেল ওলিসে (বায়ার্ন), মার্কাস থুরাম (ইন্টার)