আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসের শেষ দিকে সার্বিয়া ও মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ।
এই দলে জায়গা পেয়েছেন চারজন নতুন মুখ। ধারাবাহিকতায় থাকা বার্সেলোনা গোলরক্ষক হুয়ান গার্সিয়া তাদের মধ্যে অন্যতম। এসপেনিয়ল থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। সপ্তাহের শুরুতে কিছুটা ইনজুরি সমস্যা দেখা দিয়েছিল । ফলে নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৭-২ ব্যবধানের জয়ের ম্যাচটিতে তাকে না খেলিয়ে ওজিচে সেজনিকে মাঠে নামানো হয়।
এবারের স্কোয়াডে উনাই সাইমন, ডেভিড রায়া ও এ্যালেক্স রেমিরোর সঙ্গে গোলরক্ষক হিসেবে গার্সিয়াকেও রেখেছেন কোচ। এ ছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্সেনাল ডিফেন্ডার ক্রিস্টিয়ান মসকুয়েরা, রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড এ্যান্ডার বারেনেক্সটে এবং ওসাসুনার ভিক্টর মুনোজ।
ইউরোপিয়ান বর্তমান চ্যাম্পিয়নরা আগামী ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার মুখোমুখি হবে। চার দিন পর তারা খেলবে সালাহ-মারমুশদের মিশরের বিপক্ষে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আর্জেন্টিনার সঙ্গে ফিনালিসিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। একই কারণে মিশরের বিপক্ষে ম্যাচটি কাতার থেকে সরিয়ে বার্সেলোনায় নেওয়া হয়েছে।
দুই প্রীতি ম্যাচে স্পেনের স্কোয়াড
গোলরক্ষক: উনাই সাইমন, ডেভিড রায়া, এ্যালেক্স রেমিরো, হুয়ান গার্সিয়া
ডিফেন্ডার: মার্কোস লরেন্তে, পেদ্রো পোরো, অমারিক লাপোর্তে, পাও কুবারসি, ডিন হাইসেন, ক্রিস্টিয়ান মসকুয়েরা, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমাল্ডো
মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্ডি, পেদ্রি, পাবলো ফোরনালস, কার্লোস সোলার, দানি ওলমো, ফারমিন লোপেজ
ফরোয়ার্ড: ইয়েরমি পিনো, এ্যালেক্স বায়েনা, এ্যান্ডার বারেনেক্সটে, ভিক্টর মুনোজ, মিকেল ওয়ারজাবাল, ফেরান তরেস, লামিন ইয়ামাল