২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতেই ফুটবলপ্রেমীদের চোখ এখন মালেতে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। তাই, শুরুতেই এক কঠিন পরীক্ষার সামনে লাল-সবুজের তরুণরা। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। তিন দলের এই গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ভারত, ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে সমান গুরুত্বপূর্ণ।
প্রথম ম্যাচকে সামনে রেখে মালদ্বীপে বেশ কয়েকদিন ধরেই ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তের প্রস্তুতিতেও ছিল না কোনো ঘাটতি। সোমবার অনুশীলনের পর দলের হেড কোচ মার্ক কক্স খেলোয়াড়দের আত্মবিশ্বাস নিয়েই কথা বলেছেন। তার চোখে, এই দলটি শুরুটা জয়ের মাধ্যমেই করতে পারে।
দলের ভেতরেও সেই বিশ্বাস স্পষ্ট। গুরুত্বপূর্ণ সদস্য মোরশেদ আলী আত্মবিশ্বাসী কণ্ঠেই বলেন, ‘আমরা প্রস্তুত আছি। এই ম্যাচটি জেতার জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সবার ভেতরে একটা জেদ কাজ করছে।’
তবে প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে কিছুটা অজানার ধোঁয়াশা রয়েছে। সাম্প্রতিক কোনো ম্যাচের ভিডিও বা অনুশীলনের ফুটেজ না থাকায় তাদের কৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা নেই বাংলাদেশের কোচিং স্টাফদের। তবুও এতে বিচলিত নন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। তিনি বলেন, ‘পাকিস্তান সম্পর্কে আমরা কোনো ধারণা পাইনি। তাই প্রতিপক্ষ নয়, আমরা পুরোপুরি নিজেদের গেমপ্ল্যান নিয়েই পরিকল্পনা সাজিয়েছি।’
এদিকে এবারের অনূর্ধ্ব-২০ দল নিয়ে ভক্তদের আগ্রহ একটু বেশি। কারণ দলে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জমজ ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। তাদের অন্তর্ভুক্তি দলকে বাড়তি শক্তি দেবে, এমনটাই প্রত্যাশা সবার।
এরই মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ হয়ে গেছে। স্বাগতিক মালদ্বীপকে ৩-২ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। আর ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে নেপাল। এখন দেখার পালা, বাংলাদেশ কি জয়ের হাসি দিয়ে নিজেদের যাত্রা শুরু করতে পারে, নাকি অজানা পাকিস্তানই চমক দেখায় প্রথম ম্যাচে।