প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদই যেন পিছু ছাড়ছে না দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর ঠিক আগ মুহূর্তে চোটে পড়ে ছিটকে যাচ্ছেন একের পর এক খেলোয়াড়, যা চিন্তায় ফেলেছে দুই দলের কোচিং স্টাফকে।
ব্রাজিল দলে বড় ধাক্কা এসেছে রক্ষণভাগে। হাঁটুর চোটে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গ্যাব্রিয়েল মাগালায়েস। গত রোববার কারাবাও কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–০ গোলে হারের ম্যাচে চোট পান আর্সেনালের এই ডিফেন্ডার। পুরো ম্যাচ খেললেও শেষদিকে ডান হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি, যা পরে গুরুতর হয়ে দাঁড়ায়।
অন্যদিকে আর্জেন্টিনাও রক্ষণভাগে দুঃসংবাদ পেয়েছে। তাদের রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসন্ন দুটি প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন। রিভার প্লেট-এর হয়ে এস্তুদিয়েন্তেসের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান তিনি। এই পরিস্থিতিতে কোচ লিওনেল স্কালোনির হাতে বিকল্প হিসেবে এখন আছেন শুধু নাহুয়েল মলিনা। অ্যাটলেটিকো মাদ্রিদের এই রাইটব্যাক সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছে আর্জেন্টিনা শিবির।
চোটের তালিকা এখানেই শেষ নয়। সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও ছিটকে গেছেন স্কোয়াড থেকে। অলিম্পিক মার্শেইয়ের এই ডিফেন্ডারের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে। ২০২৪ কোপা আমেরিকার পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন তিনি।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আয়ারসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নাম না জানা মৌরিতানিয়া জাতীয় ফুটবল দল, আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আরেক তলানীর দল জাম্বিয়ার।
অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলও প্রস্তুতি নিচ্ছে নিজেদের ম্যাচগুলোকে সামনে রেখে। তারা প্রথমে ফ্রান্স জাতীয় ফুটবল দলর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে, এরপর মুখোমুখি হবে ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলর। তবে গ্যাব্রিয়েল ছিটকে পড়লেও এখন পর্যন্ত তার বদলি হিসেবে কাউকে দলে ডাকেনি ব্রাজিল।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটির গত রোববার ইংলিশ লিগ (কারাবাও) কাপের ফাইনালের পর ডান হাঁটুতে ব্যথা অনুভবের কথা জানান গ্যাব্রিয়েল। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, ফিফা আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ খেলার মতো ফিট নন গ্যাব্রিয়েল মাগালায়েস। তার বদলি হিসেবে কোনো খেলোয়াড়কে ডাকা হবে না।’
সবমিলিয়ে, বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে চোটের এই ধাক্কা কতটা প্রভাব ফেলবে, এটাই এখন বড় প্রশ্ন ব্রাজিল ও আর্জেন্টিনার সামনে।