২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে যেন নিজেদের ছন্দটা ঠিকই খুঁজে পেল ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। আক্রমণের পর আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে চাপে রাখে তারা। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। যোগ করা সময়ে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন দানিলো সান্তোস।
দ্বিতীয়ার্ধে অবশ্য ভিন্ন চিত্র দেখা যায়। পিছিয়ে পড়া ক্রোয়েশিয়া ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে এবং আক্রমণের ধার বাড়ায়। সেই চেষ্টার ফলও পায় তারা। ৮৪ মিনিটে লোভরো মাজেরের গোলে সমতায় ফেরে দলটি, যা ম্যাচে নতুন উত্তেজনা ছড়িয়ে দেয়।
তবে সেই উত্তেজনা বেশিক্ষণ টেকেনি। গোল হজমের মাত্র এক মিনিট পরই পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন ইগর থিয়াগো। ক্রোয়েশিয়া যখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই শেষ আঘাত করে ব্রাজিল।
ম্যাচের শেষ দিকে এন্ড্রিকের চমৎকার মুভ থেকে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এই গোলেই নিশ্চিত হয় ব্রাজিলের জয়, আর প্রস্তুতি ম্যাচে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
বিশ্বকাপের আগে এই জয় নিঃসন্দেহে কার্লো আনচেলত্তির দলের জন্য বড় প্রাপ্তি। ১১ মে প্রাথমিক দল ঘোষণার পর ৩১ মে বিদায়ী ম্যাচ খেলবে তারা। আর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।