চার বছর আগে প্লে-অফে পোল্যান্ডের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল সুইডেনের। সেই আক্ষেপই যেন নতুন করে আগুন জ্বালাল তাদের ভেতরে। অবশেষে ঘরের মাঠ স্টকহোমে পোল্যান্ডকে হারিয়ে পুরনো ক্ষত মুছে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল গ্রাহাম পটারের শিষ্যরা। আর তাতেই নিজের শেষ বিশ্বকাপ খেলা হলো না পোলিশ অধিনায়ক এবং তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডভস্কির।
২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালিস্টরা। মঙ্গলবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ের প্লে-অফ ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে জয় তুলে নেয় সুইডেন। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে প্রথম আঘাতটা হানে সুইডেন। ইয়াসিন আইয়ারির চতুর ফ্লিক থেকে বল পেয়ে নিউক্যাসল ফরোয়ার্ড অ্যান্টনি এলাঙ্গা দারুণ ফিনিশিংয়ে দলকে লিড উপহার দেন। কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি। ১৩ মিনিটের মধ্যেই নিকোলা জালেস্কির বাঁকানো শটে সমতায় ফেরে পোল্যান্ড।
প্রথমার্ধের শেষদিকে আবারও এগিয়ে যায় সুইডেন। বেঞ্জামিন নিগ্রেনের ফ্রি-কিক থেকে আসা বল হেড করে জালে পাঠান গুস্তাফ লেগারবিয়েলকে, তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়। পিছিয়ে থাকা পোল্যান্ড মরণপণ লড়াই চালায় এবং তার ফলও পায়। কারোল সুইডারস্কির গোলে আবারও সমতায় ফেরে দলটি। তখন মনে হচ্ছিল ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে।
কিন্তু নাটক তখনও বাকি ছিল। ৮৮ মিনিটে আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। বেসফোর্ট জেনেলির শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে ফাঁকা জালে বল জড়ান আর্সেনাল ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেস। সেই গোলেই নিশ্চিত হয় সুইডেনের বিশ্বকাপ যাত্রা। এই জয়ের মাধ্যমে চার বছর আগের প্লে-অফ ফাইনালের হারকে মধুর প্রতিশোধে পরিণত করল সুইডেন। একইসঙ্গে এক আসরের বিরতি কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে জায়গা করে নিল তারা।
অন্যদিকে, দুই আসর পর বিশ্বকাপে দেখা যাবে না পোল্যান্ডকে। ফলে ২০২২ কাতার বিশ্বকাপই হয়তো রবার্ট লেওয়ানডভস্কির শেষ বিশ্বকাপ হয়ে থাকল