নিউজিল্যান্ড সফরে মাঝরাতের এক ঘটনায় আলোচনায় এসেছিলেন হ্যারি ব্রুক ও জ্যাকব ব্যাথেল। তবে সেই ঘটনায় শেষ পর্যন্ত বড় কোনো শাস্তি হয়নি, সতর্ক করেই ছেড়ে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ঘটনাটি ঘটে গত বছরের ১ নভেম্বর, ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডের আগের রাতে। মদ্যপান ও একটি পাবে ঢোকার চেষ্টা করার সময় এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে ব্রুক স্বীকার করেন, তিনি একা ছিলেন না, সঙ্গে ছিলেন ব্যাথেল ও জশ টাং।
তদন্তে দেখা গেছে, তারা ইসিবির পেশাগত আচরণবিধির ৩.২ ধারা লঙ্ঘন করেছেন। তবে কঠোর শাস্তির পথে না গিয়ে বোর্ড তাদের ‘সতর্কীকরণ নোটিশ’ দিয়েছে। এই নোটিশ আগামী তিন বছর তাদের ডিসিপ্লিনারি রেকর্ডে থাকবে, যদিও এটি কোনো আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে গণ্য হবে না। অন্যদিকে, জশ টাংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনার পর দলীয় শৃঙ্খলায় কড়াকড়ি বাড়িয়েছে ইংল্যান্ড। দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়েছেন, দলীয় পরিবেশ ঠিক রাখতে ‘মিডনাইট কারফিউ’ চালু করা হয়েছে এবং আগামী মৌসুমেও তা বহাল থাকবে।
আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ইংল্যান্ড। এর আগে ব্রুক কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের হয়ে খেলবেন, আর বেথেল খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্সে ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে।