অবশেষে আশঙ্কাই সত্যি হলো, সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ পাকিস্তান অংশ নিচ্ছে না। চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল এবারের টুর্নামেন্টে খেলবে না। তাই এবার আসরে অংশগ্রহণ করবে ছয়টি দেশ- ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ার ফাতোরদাতে এই দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শুরুতে সাতটি দেশের অংশগ্রহণ পরিকল্পিত হলেও পাকিস্তান সময়মতো নিশ্চিত করতে পারেনি। ভারতের এক শীর্ষ কর্মকর্তার মতে, পাকিস্তান দল এই আসরে খেলবে না। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সময়সীমা শেষ হয়ে গেছে।
দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের ক্রীড়া সম্পর্ক রাজনৈতিক উত্তেজনার কারণে প্রভাবিত। বহু ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু বা বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলেছে। এছাড়া ২০২৫ সালের এশিয়া কাপ হকিতেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে পাকিস্তান সরে দাঁড়ায়।
পাকিস্তান-ভারতের সম্পর্ক আগে এতটা তিক্ত ছিল না। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পুরুষ ফুটবল দল ভারতে খেলতে গিয়েছিল, যা কয়েক বছরের পর তাদের প্রত্যাবর্তন ছিল। এবার পাকিস্তানের অনুপস্থিতিতে টুর্নামেন্টে দল সংখ্যা দাঁড়ালো ছয়টি। আয়োজকরা জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব নতুন নয়, এবারের পাকিস্তানের অনুপস্থিতি সেই বাস্তবতাকে আবারও প্রমাণ করল।