ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেল লিভারপুল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে হোঁচট খেয়ে এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্নে স্লটের দল। শুধু হারই নয়, পুরো ম্যাচে একটিও শট লক্ষ্যে রাখতে না পারা অলরেডদের দুরবস্থাকেই আরও স্পষ্ট করে তুলেছে।
চলতি মৌসুমে এটি লিভারপুলের ১৬তম হার; যা দলটির ধারাবাহিকতা আর আত্মবিশ্বাস নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে এখন অ্যানফিল্ডে ফিরতি লেগে তাদের করতে হবে অবিশ্বাস্য কিছু।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় পিএসজি। আক্রমণ, গতি আর পাসিং; সবদিকেই এগিয়ে ছিল ফরাসি ক্লাবটি। ১১ মিনিটেই আসে প্রথম ধাক্কা। ডেজিরে দুয়ের শট ভার্জিল ভ্যান ডাইকের গায়ে লেগে দিক পরিবর্তন করে জিওর্গি মামারদাশভিলির মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়।
অ্যালিসনের অনুপস্থিতিতে গোলবার সামলাতে নামা মামারদাশভিলি কয়েকটি দারুণ সেভ করে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু প্রতিরক্ষার ফাঁকফোকর শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি লিভারপুলকে। জোয়াও নেভেসের নিখুঁত পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে দ্বিতীয় গোলটি করেন খুইচা কাভারেতস্খেলিয়া।
পুরো ম্যাচেই লিভারপুলের রক্ষণভাগ ছিল নড়বড়ে। ইব্রাহিম কোনাতে বক্সে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত এলেও ভিএআরের সাহায্যে বেঁচে যায় দলটি। উসমান ডেম্বেলে একাধিক সহজ সুযোগ হাতছাড়া না করলে এবং শেষ দিকে পাওয়া সুযোগটি পোস্টে না লাগালে ব্যবধান আরও বড় হতে পারত।
ইনজুরি কাটিয়ে আলেকজান্ডার ইসাক মাঠে ফিরলেও আক্রমণে কোনো প্রভাব ফেলতে পারেননি। ফলে গোল তো দূরের কথা, প্রতিপক্ষকে তেমন কোনো চ্যালেঞ্জই ছুড়ে দিতে পারেনি লিভারপুল।
এখন সব হিসাব অ্যানফিল্ডের ফিরতি লেগে। তবে পিএসজির এই শক্তিশালী লিড উল্টে দেওয়া লিভারপুলের জন্য হিমালয় জয়ের মতোই কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।