টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক যখন তলানিতে, তখনই নতুন করে বরফ গলানোর উদ্যোগ নিল বিসিবির অ্যাডহক কমিটি। দীর্ঘদিনের অস্বস্তি কাটিয়ে আবারও স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনার বার্তাই দিচ্ছে এই পদক্ষেপ।
তামিম ইকবালেরর নেতৃত্বে ১১ সদস্যের কমিটি ইতোমধ্যে ভারত সফরে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বিসিসিআইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এই উদ্যোগের গুরুত্ব আরও বেশি, কারণ বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র অনুযায়ী ভারতের বাংলাদেশ সফর আগে থেকেই নির্ধারিত রয়েছে। নতুন প্রশাসন বুঝিয়ে দিচ্ছে, সম্পর্কের দূরত্ব কমিয়ে আবারও দ্বিপাক্ষিক ক্রিকেটকে সক্রিয় করতে চায় তারা।
সম্পর্কের অবনতির মূল কারণ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ইস্যু। ‘নিরাপত্তা উদ্বেগ’ দেখিয়ে বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। পরে আইসিসি ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করলে বাংলাদেশের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। এই ঘটনার পরই দুই দেশের ক্রিকেট সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
এদিকে নতুন অ্যাডহক কমিটির সামনে রয়েছে আরেকটি বড় দায়িত্ব। আগামী ৯০ দিনের মধ্যেই বিসিবির নতুন নির্বাচন আয়োজন করতে হবে তাদের। জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেটে এই প্রশাসনিক পরিবর্তন আসে।
সব মিলিয়ে, সংকটের পর সম্পর্ক জোড়া লাগানোর এই প্রচেষ্টা কতটা সফল হয়; সেটিই এখন দেখার বিষয়।