আইপিএলের মঞ্চে নতুন এক ঝড়ের নাম বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে যা করছেন, তা যেন অভিজ্ঞদেরও হার মানায়। এবার সেই পারফরম্যান্সই তাকে নিয়ে গেছে টুর্নামেন্টের শীর্ষে; প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়ে ফেলেছেন ২০০ রানের মাইলফলক, আর তার মাথায় উঠেছে অরেঞ্জ ক্যাপ।
তবে এই সাফল্যের মাঝেও সবচেয়ে মূল্যবান হয়ে উঠেছে আরেকটি ক্যাপ; যেখানে আছে বিরাট কোহলির স্বাক্ষর আর ভালোবাসা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শুক্রবারের ম্যাচে ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। তার ঝড়ো শুরুর ওপর ভর করেই ২০১ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় রাজস্থান রয়্যালস। যদিও ধ্রুপ জুরেল ৪৩ বলে ৮১ রান করে জয় নিশ্চিত করেন, তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সেরার পুরস্কার ওঠে সূর্যবংশীর হাতেই।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি। সেখানে এক পাশে তার ম্যান অব দ্য ম্যাচ ট্রফি, অন্য পাশে অরেঞ্জ ক্যাপ, আর মাঝখানে রাজস্থান রয়্যালসের একটি ক্যাপ। সেই ক্যাপেই জ্বলজ্বল করছে বিরাট কোহলির অটোগ্রাফ। ওপরে লেখা, ‘Dear Vaibhav, well done’। এই এক মুহূর্তই যেন বদলে দিয়েছে গল্পটা। মাঠে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে কোহলির এই স্নেহ ছুঁয়ে গেছে তরুণ এই ব্যাটসম্যানকে।
সূর্যবংশী এখন ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন। কিন্তু ভেতরে তিনি এখনও একজন ভক্ত, কোহলির ভক্ত। ম্যাচ শেষে তাই দেরি না করে ছুটে গেছেন তার আইডলের কাছে, কথা বলেছেন, নিয়েছেন অটোগ্রাফ। গত আইপিএলেই নিজের আগমনের জানান দিয়েছিলেন তিনি। ৭ ইনিংসে ২৫২ রান করেছিলেন ২০৬.৫৫ স্ট্রাইক রেটে। আর এবার তো আরও ভয়ঙ্কর, মাত্র ৪ ইনিংসেই ২০০ রান, স্ট্রাইক রেট ২৬৬.৬৬!