পিএসএলে খেলতে পাকিস্তানে থাকা বাংলাদেশের দুই পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানার জন্য সুখবর এসেছে। তাদের এনওসির মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ফলে ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার সুযোগ পাচ্ছেন তারা।
এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অনুমতি দেওয়া ছিল, তবে চলমান পারফরম্যান্স বিবেচনায় বোর্ড এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
চলতি পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন শরীফুল ও নাহিদ। দুজনই নিয়মিত সুযোগ পাচ্ছেন একাদশে। শুধু তাই নয়, নিজেদের পারফরম্যান্স দিয়েও নজর কাড়ছেন তারা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই দুই পেসার।
অন্যদিকে, পিএসএল ছেড়ে ইতোমধ্যে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন ও রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে থাকায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।
তবে মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা রয়েছে। সিরিজ শেষেই আবারও পিএসএলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।