ঘানা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ শেষে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। টিম বাসে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বেরেকুম চেলসির উইঙ্গার ডমিনিক ফ্রিম্পং। রোববার (১২ এপ্রিল) স্থানীয় সময় দেশের দক্ষিণাঞ্চলের গোয়াসো-বিবিয়ানি সড়কে এই হামলার ঘটনা ঘটে, যা পুরো ফুটবল অঙ্গনকে শোকাহত করেছে।
সোমবার (১৩ এপ্রিল) ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, সামারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষে ফেরার পথে দলটির বাস লক্ষ্য করে হামলা চালায় একদল সশস্ত্র ডাকাত। সড়ক অবরোধ করে বাস থামিয়ে গুলি চালানো হয়। এসময় গুরুতর আহত হন ডমিনিক ফ্রিম্পং।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও, তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই আকস্মিক ও সহিংস মৃত্যুর ঘটনায় গভীর শোক নেমে এসেছে দল ও সমর্থকদের মধ্যে।
ফুটবল অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছে, তারা এই কঠিন সময়ে ফ্রিম্পংয়ের পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ এবং ক্লাব সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা জানাচ্ছে।
একটি ফুটবল ম্যাচ শেষে ঘরে ফেরার পথেই এমন নির্মম পরিণতি; এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, মাঠের বাইরেও খেলোয়াড়দের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ।