বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বর্তমান বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুশ্চিন্তা। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়ায় স্কোয়াড গঠন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি।
সবচেয়ে সাম্প্রতিক ধাক্কা এসেছে ক্রিশ্চিয়ান রোমেরোকে ঘিরে। ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত পান এই টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার। এরপর খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে, যা আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ আরও বাড়িয়েছে।
এর আগেই চোটের তালিকায় নাম লিখিয়েছেন দলের আরও কয়েকজন ভরসার খেলোয়াড়। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার ম্যাচের আগে ওয়ার্ম-আপে চোট পান। অন্যদিকে স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ আবারও ভুগছেন পুরোনো পেশির সমস্যায়, যদিও কিছুদিন আগে মাঠে ফিরেছিলেন তিনি।
ডিফেন্স লাইনে আরেক দুশ্চিন্তার নাম লিসান্দ্রো মার্টিনেজ। দীর্ঘ সময় চোটে থাকার পর তিনি এখনও পুরোপুরি ফিট নন এবং ম্যানচেস্টার ইউনাইটেড তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চায় না।
চোটের এই ধারাবাহিকতা বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলছে। আগামী ৩০ মে এর মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে কোচিং স্টাফকে, ফলে সময়ও খুব বেশি হাতে নেই।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘গ্রুপ জে’-তে রয়েছে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।