অপেক্ষা আর মাত্র দুই মাস। তারপরই হয়তো ভারতীয় ক্রিকেটে জন্ম নিতে যাচ্ছে নতুন ইতিহাস! যেখানে কেন্দ্রবিন্দুতে ১৫ বছরের এক কিশোর, বৈভব সূর্যবংশী। লক্ষ্য একটাই, ভেঙে দেওয়া শচিন টেন্ডুলকারের তিন দশকেরও বেশি পুরোনো রেকর্ড।
আইপিএল শেষ হওয়ার পর জুনে ভারত জাতীয় ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে বৈভবকে রাখা হতে পারে বলেই জোর গুঞ্জন। যদি সেটাই সত্যি হয়, তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিনই ইতিহাস গড়বেন তিনি। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড নিজের নামে করে।
১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলে এই রেকর্ড গড়েছিলেন শচিন। সেই রেকর্ড ৩৭ বছর পর হুমকির মুখে।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’–এর প্রতিবেদন বলছে, আয়ারল্যান্ড সফরের সম্ভাব্য তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন বৈভব। ২৬ ও ২৮ জুন দুটি ম্যাচ খেলবে ভারত। বিসিসিআইয়ের একটি সূত্রও জানিয়েছে, ‘আয়ারল্যান্ড সফরের জন্য বৈভব বিবেচনায় রয়েছে এবং নির্বাচকেরা তার নাম সম্ভাব্য তালিকায় রেখেছেন।’
শুধু আয়ারল্যান্ড নয়, সেখানে ভালো পারফরম্যান্স করতে পারলে পরবর্তী জিম্বাবুয়ের বিপক্ষেও দলে জায়গা পেতে পারেন এই তরুণ। জুলাইয়ে সেই সিরিজে ভারতের তিনটি ম্যাচ খেলার কথা। তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায়, নির্বাচকেরা নতুনদের সুযোগ দেওয়ার জন্য এটাকে আদর্শ সময় হিসেবে দেখছেন।
এরই মধ্যে ক্রিকেট মহলের নানা প্রান্ত থেকে দাবি উঠেছে, আর দেরি না করে বৈভবকে জাতীয় দলে সুযোগ দেওয়া হোক। অরুণ ধুমল, বোর্ডের প্রাক্তন কোষাধ্যক্ষ ও বর্তমান আইপিএল চেয়ারম্যান, ইতিমধ্যেই বৈভবের প্রশংসায় সরব হয়েছেন। তিনি লিখেছেন, ‘এ বারের আইপিএলে বৈভব সূর্যবংশীর কী অসাধারণ ব্যাটিং প্রদর্শনী! ওর পারফরম্যান্স বিবেচনা করলে এই বলতেই হয়, এই বিস্ময়কর প্রতিভা অবশ্যই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ভারতের হয়ে অভিষেকের দাবি রাখে। এত কম বয়সে এমন প্রতিভাবান কাউকে খুঁজে পাওয়া বিরল। ভারতের সর্বকনিষ্ঠ অভিষেককারী হিসেবে ওর খেলার সুযোগ পাওয়া উচিত।’
শুধু দেশের ভেতরেই নয়, বিদেশ থেকেও সমর্থন এসেছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বিসিসিআইকে বৈভবকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১৭ বলে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে সবার নজর কাড়েন তিনি।
এরপর ইরফান পাঠান, হরভজন সিংহসহ আরও অনেক সাবেক ক্রিকেটার একই দাবি তুলেছেন, আইপিএলের পরই জাতীয় দলে দেখা যাক এই বিস্ময় বালককে।