বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত শুরু করেছেন পেসার নাহিদ রানা। বোলিং আক্রমণে এসেই ২ ওভারের প্রথম বলে তুলে নিলেন ২টি উইকেট।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমবার বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন তিনি। ৭ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২৫ রান। ইঙ্গিত দিচ্ছিল শেকল ভাঙার। তখনই পেরেক ঠুকে দেন নাহিদ।
মিডল স্টাম্পে পড়া বল হেনরি নিকলসের প্যাডে আঘাত হানে। এলবিডব্লিউর আবেদনে সাথে সাথে সাড়া দেন আম্পায়ার। নিকোলস প্রথমে রিভিউ নেওয়ার কথা ভাবলেও শেষমেশ রিভিউ ছাড়াই বিদায় নেন। ২৬ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এরপর দ্বিতীয় ওভারে এসেও প্রথম বলেই আরেকটি উইকেট নেন নাহিদ রানা। তার ১৪৭ কিমি গতির বাউন্সারে বিভ্রান্ত হয়ে যান উইল ইয়াং। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। ২৮ রানে ২ উইকেট হারায় কিউইরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩১ রান।