জয় শব্দটি রিয়াল মাদ্রিদের ডিকশনারি থেকে একরকম হারিয়েই যেতে বসেছিল। সবশেষ ২৩ মার্চ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচে জয়ের মুখ দেখেনি রিয়াল। অবশেষে গতকাল দিবাগত রাতে জয়ে ফিরল আলভারো আরবেলোয়ার দল। যদিও অস্বস্তি কাটেনি লস ব্লাঙ্কোসদের।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু, যেখানে একসময় প্রতিপক্ষের জন্য পা রাখা মানেই ছিল আতঙ্ক! সেখানেই যেন কিছুদিন ধরে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয়টা তাই শুধু তিন পয়েন্ট নয়, অনেকটা স্বস্তির শ্বাসও এনে দিল। তবে বাস্তবতা বলছে, এই জয়েও শিরোপার স্বপ্ন খুব একটা উজ্জ্বল হয়নি।
লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রিয়াল মাদ্রিদের কেবল কাগজে কলমেই টিকে রয়েছে। ২০২৫-২৬ মৌসুমের লা লিগায় ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৯। তারা খেলেছে ৩১ ম্যাচ। অর্থাৎ, ব্যবধান শুধু পয়েন্টে নয়, মানসিক দিক থেকেও বড় হয়ে উঠছে।
শিরোপা জিততে হলে লা লিগায় সবগুলো ম্যাচ রিয়ালের জিততে তো হবেই। একই সঙ্গে হারতে হবে বার্সেলোনাকেও। কিন্তু বাস্তবে ৬ পয়েন্টের ব্যবধান ঘোচানো অত সহজ নয়। আজ রাতে নিজেদের ৩২তম ম্যাচে বার্সেলোনা আজ খেলবে সেলটা ভিগোর বিপক্ষে। ক্যাম্প ন্যুতে এই ম্যাচ জিতলে বার্সার পয়েন্ট হবে ৮২, যা রিয়ালের জন্য চাপ আরও বাড়িয়ে দেবে।
ম্যাচের গল্পও ছিল নাটকীয়তার ছোঁয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল আলাভেসের বিপক্ষে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে খুঁজে নেয় আলাভাসের জাল, ভাগ্যের ছোঁয়াও ছিল সেখানে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৫০ মিনিটে দূরপাল্লার জোরালো শটে গোল করেন ভিনিসিয়ুস, যা গ্যালারিতে ফিরিয়ে আনে পুরোনো উচ্ছ্বাসের কিছুটা।
তবে শেষটা একেবারে নির্ভার ছিল না। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে আলাভেস স্ট্রাইকার টনি মার্তিনেজ গোল করে শুধু ব্যবধানই কমাতে পেরেছেন, কিন্তু ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ রিয়ালের হাতেই ছিল।
এই মৌসুমটা রিয়ালের জন্য যেন ধীরে ধীরে এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এ বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে শুরু হয় পতনের গল্প। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে যায় রিয়ালের পথচলা। এখন লা লিগার শিরোপাও প্রায় অধরাই।
মৌসুম শেষে আরবেলোয়ার রিয়ালে চাকরি টিকবে কি না, তা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। যদিও রিয়াল কোচ তা নিয়ে তেমন কিছু ভাবছেন না। আলাভেসের বিপক্ষে গত রাতে জয়ের পর তিনি বলেন, ‘আমি কী ঝুঁকিতে আছি, তা নিয়ে বেশি কিছু ভাবছি না। আমাদের সামনে ছয় ম্যাচ। সব ম্যাচ জেতাই এখন লক্ষ্য।’