টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বিনোদনমূলক মাদক ব্যবহারের দায়ে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বিপাকে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। বিষয়টি সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে তাকে ঘিরে।
আজ বুধবার (২২শে এপ্রিল) ইএসপিএনক্রিকইনফোকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই বিষয়টি বোর্ডকে অবহিত করেছে। ইতোমধ্যে এ নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে পিসিবি এবং এর ফলাফল আইসিসিকে জানানো হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মিত ডোপ টেস্টেই এই পজিটিভ ফলাফল আসে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচগুলোতেই অংশ নিয়েছিলেন নেওয়াজ। পুরো টুর্নামেন্টে পাঁচটি ইনিংসে মাত্র ১৫ রান করার পাশাপাশি বল হাতে নেন সাত উইকেট। পরবর্তীতে দল হিসেবে পাকিস্তান সুপার এইট পর্ব থেকেই বিদায় নেয়।
এই ঘটনার প্রভাব পড়েছে তার ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারেও। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য আগেই অনাপত্তি সনদ (এনওসি) পেলেও, ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে সারের সঙ্গে তার চুক্তি বাতিল হয়ে গেছে। ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার।
বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এ মুলতান সুলতানসের হয়ে খেলছেন নেওয়াজ। এখন পর্যন্ত চার ম্যাচে তার সংগ্রহ ৩৬ রান, আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট। তবে তার ইকোনমি রেট ১০.৮৮, যা বেশ ব্যয়বহুল হিসেবেই বিবেচিত হচ্ছে।
সবমিলিয়ে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ঘটনা নওয়াজের ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে এসেছে; যার প্রভাব পড়তে পারে তার ভবিষ্যৎ আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।