ডোপিং বিতর্কে দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়ার খবরটা যেমন কঠিন, ঠিক তেমনি ক্রিকেট ক্যারিয়ারের এক অন্ধকার অধ্যায়ও বলা যায় ডগ ব্রেসওয়েলের জন্য।
ঘটনার সূত্রপাত গত বছরের সেপ্টেম্বর মাসে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্স ও সমারসেটের ম্যাচ চলাকালীন চেলমসফোর্ডে তার ইন-কম্পিটিশন ডোপ টেস্ট করা হয়। পরে বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি স্বীকৃত লন্ডনের পরীক্ষাগারে বিশ্লেষণে ধরা পড়ে কোকেন এবং এর বিপাকীয় উপাদান বেঞ্জয়লেকগোনিন।
ইসিবির নিয়ম অনুযায়ী কোকেন নিষিদ্ধ তালিকাভুক্ত পদার্থ। তদন্তে উঠে আসে, ম্যাচের প্রথম দিনের পর রাতে তিনি কোকেন গ্রহণ করেন এবং পরদিন ভোর পর্যন্ত তা অব্যাহত ছিল। বিষয়টি নভেম্বর মাসে তাকে জানানো হয়, আর ৮ ডিসেম্বর তিনি নিজের বক্তব্যে মাদক ব্যবহারের কথা স্বীকার করেন। দোষ স্বীকার করায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।
ডোপ টেস্টের ফল জানার পরই ২০২৫ সালের ২৮ ডিসেম্বর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ব্রেসওয়েল। তবে অবসর নিয়েও রক্ষা পাননি তিনি। নিয়ম অনুযায়ী তার ওপর দুই বছরের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়, যা কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে এবং চলবে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত।
নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ পদার্থটি পারফরম্যান্স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়। তবে অ্যান্টি-ডোপিং নীতিমালা ভঙ্গ হওয়ায় শাস্তি এড়ানোর সুযোগ ছিল না। অন্যদিকে তার সাবেক কাউন্টি ক্লাব এসেক্স জানিয়েছে, তারা ব্যক্তিগত আচরণ সমর্থন করে না, তবে ব্রেসওয়েলকে পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করবে।