আইপিএল যেখানে শেষ, সেখান থেকেই যেন নতুন অধ্যায় শুরু করলেন ডেভিড ওয়ার্নার। সাম্প্রতিক দুই মৌসুমে তিনি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলে খেলেছেন এবং এবারও সেখানে নেতৃত্ব দিয়েছেন করাচি কিংসকে। তবে আবার আইপিএলে ফেরার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, সেখানে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা বাঁহাতি ব্যাটার।
গতকাল রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক দীর্ঘ ও আবেগঘন বার্তা দেন ওয়ার্নার। সেখানে তিনি পিএসএল অভিজ্ঞতা, দর্শক এবং নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন। পোস্টের শেষ অংশে তিনি লেখেন, ‘আমাদের যথাযথ নিরাপত্তা দেওয়ায় নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ধন্যবাদ। ট্রাফিক জ্যামের মধ্যেও ধৈর্য ধরে দর্শকেরা ম্যাচ দেখতে এসেছেন। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’
এই পোস্টের পরই এক ভক্ত মন্তব্য করেন, ‘পিএসএল ছেড়ে আইপিএলে ফিরে এলেই তোমার ভালো হবে।’ সেই মন্তব্য ঘিরে আরও অনেক সমর্থক তাকে আইপিএলে ফেরার পরামর্শ দিতে থাকেন। তবে ওয়ার্নার কৌশলী ও সংক্ষিপ্ত জবাব দিয়ে বিষয়টা যেন পরিষ্কারই করে দেন। তিনি বলেন, ‘এখন সেটার কোনো প্রয়োজন নেই।’
এবারের পিএসএলে করাচি কিংসের অধিনায়ক ছিলেন ওয়ার্নার। কিন্তু তার দল লিগ পর্ব থেকেই বিদায় নেয়। ১০ ম্যাচে ৫টি জয় ও ৫টি হার নিয়ে তারা ১০ পয়েন্ট অর্জন করে। -০.৮৬৯ নেট রানরেট নিয়ে আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে করাচি।
পরাজয়ের হতাশা থাকলেও দলের পরিবেশ ও অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক ছিলেন ওয়ার্নার। ইনস্টাগ্রামে তিনি আরও লেখেন, ‘ফলাফল আমাদের প্রত্যাশামতো হয়নি। কিন্তু দলের ভেতর যে উদ্দীপনা, দৃঢ়তা এবং মানসিকতা দেখেছি, তা অসাধারণ। দারুণ এক পরিবেশ ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা। আতিথেয়তার জন্য পিএসএলকে অসংখ্য ধন্যবাদ।’
আইপিএল ক্যারিয়ারে ওয়ার্নারের পথচলা ছিল দীর্ঘ ও সফল। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত তিনি ১৮৪ ম্যাচ খেলেছেন, করেছেন ৬৫৬৫ রান। রয়েছে ৪টি সেঞ্চুরি ও ৬২টি ফিফটি। তার গড় ৪০.৫২ এবং স্ট্রাইকরেট ১৩৯.৭৭। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন তিনি মূলত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছেন। তবে আইপিএলে ফেরার আলোচনা আপাতত নিজেই থামিয়ে দিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার।