নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঝপথে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দেশে ফিরতে হয়েছিল নাহিদ রানাকে। এরপর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রামে রাখা হলেও শুরুতে পিএসএলে ফেরার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি এই পেসারকে।
তবে শেষ পর্যন্ত পরিস্থিতি বদলায়। পেশোয়ার জালমি ফাইনালে উঠে পড়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে নাহিদ রানাকে দলে পাওয়ার জন্য বিশেষ অনুরোধ জানায় ফ্র্যাঞ্চাইজিটি। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ফাইনাল খেলার জন্য এনওসি প্রদান করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। একই সঙ্গে তিনি বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে আফ্রিদি লেখেন, পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ।
এবারের পিএসএল নিলামে ৬০ লাখ রুপিতে নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই পেসার। দেশে ফেরার আগে ৫ ম্যাচে ৭ উইকেট শিকার করেন তিনি, ইকোনমি রেট ছিল মাত্র ৫.৪২; যা তাকে দলের গুরুত্বপূর্ণ বোলারদের একজন করে তোলে।
কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। আগামী ৩ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান কিংবা ইসলামাবাদ ইউনাইটেড, এই তিন দলের যেকোনো একটি দল হবে চূড়ান্ত প্রতিপক্ষ।