আইপিএলে নাটকীয় এক ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। তবে ম্যাচের জয় ছাড়িয়ে আলোচনায় উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডোনোভান ফেরেরার একটি মজার মন্তব্যের কারণে।
রাজস্থানের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ফেরেরাকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘সরি ভাই, আজ নেহি।’ এই ‘ভাই’ যে বলিউড তারকা সালমান খান, সেটি বুঝতে সময় লাগেনি ভক্তদের।
আসলে বিষয়টির পেছনে আছে পুরনো এক গল্প। ২০১৪ সালে সালমান খান একটি পোস্টে লিখেছিলেন, ‘জিন্তার (পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তা) দল জিতেছে?’ যে ম্যাচে পাঞ্জাব হেরে গিয়েছিল। সেই পোস্ট সামনে এনে এবার রাজস্থান মজার ছলে খোঁচা দেয় পাঞ্জাবকে, আর ফেরেরা সেই ধারাবাহিকতাতেই নিজের মন্তব্যটি করেন।
ম্যাচের গল্পও কম নাটকীয় নয়। ২২৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ৬ ওভারে রাজস্থানের দরকার ছিল ৭১ রান। সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন ফেরেরা। মাত্র ২৬ বলে অপরাজিত ৫২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
তার সঙ্গে দারুণ সঙ্গ দেন শুভম দুবে, ১২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। এর আগে বৈভব সূর্যবংশীর ১৬ বলে ৪৩ এবং যশস্বী জয়সওয়ালের ২৭ বলে ৫১ রানের ইনিংস রাজস্থানের জয়ের ভিত গড়ে দেয়।