আইপিএলে আলোচনার কেন্দ্রটা গিয়েছে একেবারেই অন্যদিকে। মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি চর্চা হচ্ছে ড্রেসিংরুমের এক ঝলক দৃশ্যকে ঘিরে, যেখানে অধিনায়ক রিয়ান পরাগকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
টেলিভিশনের সম্প্রচারে ধরা পড়ে সেই মুহূর্ত, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে আছেন রিয়ান পরাগ। তার হাতের দিকে তাকাতেই চোখ আটকে যায়, একটি ভেপ বা ই-সিগারেট সদৃশ ডিভাইস দেখা যায় সেখানে। কয়েক সেকেন্ডের সেই ফুটেজই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি, শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।
ভারতের আইনে বিষয়টি মোটেই হালকা নয়। ২০১৯ সালের ই-সিগারেট নিষিদ্ধকরণ আইন অনুযায়ী এর উৎপাদন, বিক্রি, আমদানি ও ব্যবহার, সবই নিষিদ্ধ করা হয়। এর পাশাপাশি স্টেডিয়ামের ভেতরে নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া ধূমপানের ওপরও রয়েছে কড়াকড়ি। ফলে ভিডিওতে দেখা সেই দৃশ্য নিয়ে প্রশ্ন উঠছে, এটি কি নিয়ম ভঙ্গের ইঙ্গিত?
এখন পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে তদন্তের দাবি জোরালো হচ্ছে। অনেক বিশেষজ্ঞই বলছেন, পেশাদার ক্রিকেটারদের ক্ষেত্রে এমন ঘটনা শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি দলের ভাবমূর্তি ও লিগের শৃঙ্খলার সঙ্গে জড়িত। প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্টদের জবাবদিহির মুখেও পড়তে হতে পারে।
এটাই প্রথম নয়। এর আগেও রাজস্থান রয়্যালস শিবিরে বিতর্কের আঁচ লেগেছিল। ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় দলের এক কর্মকর্তাকে সতর্ক করা হয়েছিল, এমনকি জরিমানাও গুনতে হয়েছিল তাকে।
সবমিলিয়ে, জয় পেয়েও যেন স্বস্তিতে নেই রাজস্থান শিবির। নতুন এই বিতর্কে আবার আলোচনায় দলটি, আর অধিনায়ক রিয়ান পরাগও রয়েছেন সমালোচনার মুখে। কারণ মাঠের পারফরম্যান্সও এখন তার পক্ষে কথা বলছে না। চলতি মৌসুমে ব্যাট হাতে তার ফর্মও খুব একটা আশাব্যঞ্জক নয়।