লিভারপুলের জার্সিতে সময়টা শেষের দিকে। এ কথা আগেই জানিয়ে দিয়েছেন মোহাম্মদ সালাহ। কিন্তু বিদায়ের আগে হঠাৎ চোট যেন সেই শেষ অধ্যায়ে এনে দিয়েছে অন্যরকম আবেগ আর শঙ্কা। এখন প্রশ্ন একটাই, তিনি কি আরেকবার মাঠে ফিরতে পারবেন?
গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেই চোট পান সালাহ। মাঠ ছাড়ার মুহূর্তটা ছিল আবেগঘন। সমর্থকদের অভিবাদন, দাঁড়িয়ে সম্মান জানানো, সবকিছু মিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো এটাই লিভারপুল জার্সিতে তার শেষ দেখা।
তবে সেই আশঙ্কা পুরোপুরি সত্যি হচ্ছে না, এমনটাই জানিয়েছে ক্লাব। লিভারপুল নিশ্চিত করেছে, ৩৩ বছর বয়সী এই তারকার চোট গুরুতর নয়, বরং হালকা মাংসপেশির ইনজুরি। ফলে মৌসুম শেষ হওয়ার আগেই তার ফেরার সম্ভাবনা রয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ স্লটও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি মৌসুমের শেষদিকে সে ফিরবে, তবে এই রোববারের ম্যাচে নয়। তার চোট গুরুতর নয়, এটা স্বস্তির বিষয় সে আমাদের হয়ে আবার খেলতে পারবে, বিশ্বকাপেও খেলতে পারবে।’
শুধু ফেরা নয়, সালাহর বিদায় নিয়েও স্পষ্ট আবেগ ঝরে পড়েছে কোচের কণ্ঠে। তিনি বলেন, ‘যদি এমন কোনো খেলোয়াড় থাকে যে বড় বিদায়ী সংবর্ধনার যোগ্য, তবে সেটা অবশ্যই সালাহ।’
২০১৭ সালে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর থেকে সালাহ হয়ে উঠেছেন ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড। ৪৪০ ম্যাচে ২৫৭ গোল, সংখ্যাটা নিজেই তার প্রভাবের প্রমাণ। ক্লাবের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন শুধু ইয়ান রাশ ও রজার হান্টের পেছনে।
তবে এই পথটা পুরোপুরি মসৃণ ছিল না। ডিসেম্বরে কোচ স্লটের সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধ তৈরি হয়েছিল, যখন টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর তিনি বলেছিলেন, কোচের সঙ্গে তার ‘কোনো সম্পর্ক নেই’। যদিও পরে সেই পরিস্থিতি মিটে যায় এবং সালাহ দলে ফিরেন। বর্তমানে লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে পড়া লিভারপুলের সামনে বাকি চারটি ম্যাচ। আর সেই ম্যাচগুলোই হতে পারে সালাহর লাল জার্সিতে শেষ নাচ।