বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান দল। ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের এই সিরিজ ঘিরে ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তেজনা। রোববার সকালে দলের প্রথম বহর ঢাকায় পৌঁছেছে, যদিও পুরো স্কোয়াড এখনো আসেনি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল বাকি থাকায় দলের কয়েকজন ক্রিকেটার পরে বাংলাদেশে যোগ দেবেন। তাই আপাতত আংশিক দল নিয়েই প্রস্তুতি শুরু করতে হচ্ছে সফরকারীদের।
এরই মধ্যে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশেলে গড়া এই দলে নতুন মুখও রয়েছে বেশ কয়েকজন। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন চার ক্রিকেটার; আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান ওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। নতুনদের অন্তর্ভুক্তি দলে এনে দিয়েছে বাড়তি কৌতূহল।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজ হবে দুটি ভেন্যুতে। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় টেস্ট ১৬ মে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।