পাকিস্তান সুপার লিগের ফাইনাল আজ, জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটভক্তরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপার জন্য মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও হায়দরাবাদ কিংসম্যান। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সবচেয়ে বড় খবর, দর্শকরা সরাসরি স্টেডিয়ামে বসেই উপভোগ করতে পারবেন এই হাইভোল্টেজ ফাইনাল।
ফাইনালে ওঠার পথে দুই দলের গল্প একেবারেই আলাদা। পেশোয়ার জালমি এসেছে দাপট দেখিয়ে। লিগ পর্বে শীর্ষে থেকে কোয়ালিফায়ারে জয় তুলে নিয়ে তারা সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। দলের নেতৃত্বে থাকা বাবর আজমের সেঞ্চুরি ছিল তাদের আত্মবিশ্বাসের বড় ভিত্তি।
অন্যদিকে হায়দরাবাদ কিংসম্যানের পথ ছিল বেশিই রোমাঞ্চকর। এলিমিনেটর-১ ও এলিমিনেটর-২; দুই কঠিন ধাপ পেরিয়ে তারা জায়গা করে নিয়েছে ফাইনালের মঞ্চে। প্রতিটি ম্যাচেই ছিল চাপ,লড়াই। আর সেই লড়াই জিতেই তারা আজ শিরোপার সামনে।
পেশোয়ার স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। ফাইনালের জন্য তাকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড জানিয়েছে, বৈশ্বিক বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সব মিলিয়ে, দাপুটে পেশোয়ার আর লড়াকু হায়দরাবাদের এই ফাইনাল লড়াইয়ে কে শেষ হাসি হাসবে? সেই উত্তরের অপেক্ষায় এখন সবাই।