পিএসএলের ফাইনালে নাহিদ রানার আগুনঝরা বোলিং যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বড় মঞ্চ, চাপের মুহূর্ত; সবকিছুকে ছাপিয়ে নিজের গতির জাদু দেখিয়েছেন বাংলাদেশের এই তরুণ তারকা। পেশোয়ার জালমির জার্সিতে নেমে মাত্র ২২ রান খরচায় তুলে নিলেন জোড়া উইকেট, আর তাতেই কার্যত ভেঙে যায় হায়দরাবাদ কিংসমেনের ব্যাটিং লাইনআপ।
আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসমেন কখনোই নিজেদের ছন্দ খুঁজে পায়নি। রানার গতির সামনে বারবার ভুল করেছে তাদের ব্যাটাররা। শেষ পর্যন্ত ১২৯ রানেই থেমে যেতে হয় তাদের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বিপদে পড়তে হয়নি পেশোয়ার জালমিকে। ৫ উইকেটে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে তারা।
ফাইনাল শেষে উচ্ছ্বাসে ভেসেছে নাহিদ রানাদের দল। শিরোপা জয়ের আনন্দে ড্রেসিংরুম থেকে শুরু করে পুরো দলেই ছিল উদযাপনের আমেজ।
রানার বোলিং শুধু ম্যাচেই প্রভাব ফেলেনি, ছাপ ফেলেছে অভিজ্ঞদের মনেও। লাইভ কমেন্ট্রির সময় তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ‘ওয়াসিম আকরাম’। ইনিংস বিরতিতেও একই সুরে কথা বলেছেন ‘শোয়েব মালিক’। তরুণ এই পেসারের নিয়ন্ত্রণ আর গতির মিশেল আলাদা করে নজর কাড়ে তাদের।
জাতীয় দলের জার্সিতেও সময়টা দারুণ কাটছে নাহিদ রানার। সর্বশেষ দুই ওয়ানডে সিরিজে টানা ম্যান অব দ্যা সিরিজ হয়ে নিজের ধারাবাহিকতা প্রমাণ করেছেন। সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও আছেন তিনি, যেখানে আবারও নিজেকে প্রমাণের সুযোগ অপেক্ষা করছে।