পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্মৃতি এখনো টাটকা। প্রথমবারের মতো তাদের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছিল বাংলাদেশের টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ঘরের মাঠে নতুন লড়াইয়ে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা।
তবে অতীতের সেই সাফল্যে ডুবে থাকতে চান না কোচ ফিল সিমন্স। মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন,এবার নতুন ইতিহাস লেখা। তার ভাষায়, ওটা (২০২৪) ইতিহাস।সেই ইতিহাস এখন অতীত। আপনি ইতিহাস নিয়ে কথা বলছেন। আমরা এখন নতুন ইতিহাস গড়তে চাই। এ জন্যই আমরা শুক্রবারের দিকে তাকিয়ে আছি এবং দেখতে চাই কী হয়। তখন কী হয়েছিল তা কোনো ব্যাপার না।’
যদিও আগের সিরিজের সাফল্য যে দলকে ভেতর থেকে শক্তি জোগাবে; অস্বীকার করেননি তিনি। সিমন্স বলেন, হ্যাঁ, সেটা মাথায় তো থাকবেই। ভেতর থেকে আপনাকে প্রেরণা দেবে যে শেষ ম্যাচটায় জয় পেয়েছি। তবে এটা এখন নতুন ম্যাচ, নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে আছি,পাকিস্তানে নয়। সবকিছু পেছন ফেলে এই ম্যাচের দিকেই আমাদের মনোযোগ দিতে হবে।’
ড্রেসিংরুমে চাপের বিষয়টি নিয়েও খোলামেলা কথা বলেছেন এই কোচ। তার মতে, দলের ভেতরের চেয়ে বাইরের প্রত্যাশাই বেশি। তিনি বলেন, ‘আমার মনে হয়, ড্রেসিংরুমের চেয়ে বাইরেই প্রত্যাশাটা ৯৫ শতাংশের বেশি। ড্রেসিংরুমের প্রত্যাশার চেয়ে আপনাদের (মিডিয়ার),সাধারণ মানুষের এবং বাকি সবার প্রত্যাশা অনেক বেশি। আমরা প্রস্তুতি নিই এবং খেলার জন্য মুখিয়ে থাকি। গত সিরিজ থেকে বয়ে আসা প্রত্যাশা আমাদের কোনো সাহায্য করে না। তাই আমরা চেষ্টা করি সেগুলোকে ড্রেসিংরুমের বাইরে রাখতে। আমার মনে হয়, ভেতরের চেয়ে বাইরের চাপটাই বেশি।’
অতীতের গৌরব পেছনে রেখে এবার ঘরের মাঠে নতুন করে ইতিহাস লেখার মিশনেই চোখ বাংলাদেশ দলের।