২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এবার মাঠের বাইরের বিষয় নিয়েই কঠোর অবস্থান নিয়েছে ইরান। বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ফিফার কাছে ১০ দফা শর্ত দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
সম্প্রতি ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে কানাডায় প্রবেশে বাধার মুখে পড়েন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ। বিশ্বকাপের সহ-আয়োজক দেশের এমন আচরণের পরই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান।
রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলকে মেহদী তাজ জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ফিফার কাছে কিছু গুরুত্বপূর্ণ নিশ্চয়তা চেয়েছে তারা। এর মধ্যে রয়েছে ইরানের প্রতি সবার সদাচরণ, ইরানি নাগরিকদের ভিসা প্রদান, জাতীয় দল, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান নিশ্চিত করা। এ ছাড়া বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাওয়া-আসার সময় খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কঠোর নিরাপত্তার দাবিও জানিয়েছে ইরান।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব শর্ত পূরণ হলে আয়োজক ৩ দেশ - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যেকোনো ভেন্যুতেই খেলতে প্রস্তুত তারা। ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেব। কিন্তু আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় থেকে একটুও বিচ্যুত না হব না। আমরা যেসব ব্যাপারে উদ্বিগ্ন, আয়োজকদের সেগুলোও বিবেচনায় নিতে হবে।’
মেহদী তাজ আরও বলেছেন, ‘সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফ, বিশেষ করে যারা আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছে। যেমন, মেহদি তারেমি ও এহসান হাজসাফি...তাদের সবাইকে কোনো ঝামেলা ছাড়াই ভিসা প্রদান করতে হবে।’
আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ‘জি ’ গ্রুপে থাকা ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, মিসর ও বেলজিয়াম।