ফুটবল বিশ্ব আবারও থমকে যাবে এক ম্যাচের অপেক্ষায়। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার লড়াই মানেই আলাদা উত্তেজনা, আলাদা আবেগ। এল ক্লাসিকো শুধু তিন পয়েন্টের হিসাব নয়, এটি মর্যাদা, ইতিহাস আর শ্রেষ্ঠত্বের যুদ্ধ।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় ন্যু ক্যাম্পে মৌসুমের শেষ লা লিগা এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি বার্সেলোনার জন্য বাড়তি গুরুত্বপূর্ণ। কারণ এক পয়েন্ট পেলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের।
তবে শুধু শিরোপাই নয়, এই ম্যাচে বার্সার সামনে আছে প্রতিশোধের সুযোগও। চলতি মৌসুমে লিগের প্রথম দেখায় রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল তারা। সেই জয়ের পর সামাজিক মাধ্যমেও বার্সাকে নিয়ে বেশ ট্রল করেছিল লস ব্লাঙ্কোসরা। তাই এবার ঘরের মাঠে জিতেই জবাব দিতে চাইবে হান্সি ফ্লিকের দল।
আজ জয় পেলে আরও তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সামনে ট্রফি উদযাপনের সুযোগও হাতছাড়া করতে চাইবে না তারা।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি সম্মান রক্ষার লড়াই। ড্রেসিং রুম অস্থিরতা আর ইনজুরি সমস্যার মধ্যে থাকা দলটি অন্তত মৌসুমের সবচেয়ে বড় ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে।
এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে ১০৬ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ, আর বার্সেলোনা জয় পেয়েছে ১০৫টিতে। অর্থাৎ ইতিহাসও বলছে, এই লড়াইয়ে দুই দল প্রায় সমান সমান।