বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফলকের নাম এখন মুমিনুল হক। মুশফিকুর রহিম ও তামিম ইকবালের পর দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে জায়গা করে নিয়েছেন তিনি।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৯১ রান করেছিলেন মুমিনুল। আর দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করার সঙ্গে সঙ্গেই স্পর্শ করেন এই বিশেষ অর্জন। বৃষ্টিতে প্রায় এক সেশনের খেলা নষ্ট হওয়ার পর বিকেল পৌণে চারটায় আবার মাঠে গড়ায় ম্যাচ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৭.৬ ওভারে নোমান আলিকে স্কয়ার লেগে সুইপ করে ১ রান নিয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। সেই সঙ্গেই পূর্ণ হয় ৫ হাজার টেস্ট রান।
এটি ছিল মুমিনুলের টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি। একই সঙ্গে টানা পাঁচ ইনিংসে ফিফটি প্লাস স্কোর করলেন তিনি; ৮২, ৬৩, ৮৭, ৯১ ও ৫৬।
৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে মুমিনুল খেলেছেন ১৪১ ইনিংস। বাংলাদেশের হয়ে এই অর্জনে সবচেয়ে দ্রুত ছিলেন তামিম ইকবাল, যিনি ১২৯ ইনিংসে পৌঁছেছিলেন এই কীর্তিতে। আর মুশফিকুর রহিম নিয়েছিলেন ১৪৯ ইনিংস।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক:
মুশফিকুর রহিম — ৬৫১০*
তামিম ইকবাল — ৫১৩৪
মুমিনুল হক — ৫০০৬*