বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। আর রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। রিট খারিজের পর অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জানান, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে গত ৩০ এপ্রিল বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটে কমিটিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাত আইনজীবী এ রিট করেন।
গত ৭ এপ্রিল তিন মাসের জন্য ১১ সদস্যের এডহক কমিটি গঠন করে এনএসসি। সেই কমিটির সভাপতি করা হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
নতুন অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন - রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।
এনএসসি জানিয়েছিল, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।