আক্রমণাত্মক ব্যাটিং আর বড় সংগ্রহের জন্য পরিচিত সানরাইজার্স হায়দরাবাদকে দেখা মুদ্রার উল্টো ছবিতে। যে দল আইপিএলের ইতিহাসে একাধিকবার রানের পাহাড় গড়েছে, সেই দলই এবার নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী হলো। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে নতুন এক হতাশা ও লজ্জার রেকর্ড গড়েছে তারা। আহমেদাবাদে মঙ্গলবার (১২ মে) ৮২ রানের বড় ব্যবধানে হেরেছে হায়দরাবাদ।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৮ রান তোলে গুজরাট। ম্যাচের আগে অধিনায়ক শুবমান গিল বলেছিলেন, এই উইকেটে রান করা সহজ হবে না। ম্যাচ শেষে দেখা গেল, সেই কথাই বাস্তবে সবচেয়ে বেশি ভুগিয়েছে হায়দরাবাদকে।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দ হারিয়ে ফেলে দলটি। ইনিংসের শুরুতেই ট্রাভিস হেড রানের খাতা না খুলেই বিদায় নেন। পরের ওভারেই ফেরেন অভিষেক শর্মাও। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যায় তারা।
হেড, অভিষেক শর্মা, ঈশান কিশান ও হেইনরিখ ক্লাসেনদের মতো তারকায় ভরা ব্যাটিং লাইনআপ পুরো ম্যাচেই ছিল নিষ্প্রভ। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান আসে অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাট থেকে, যিনি নেমেছিলেন আট নম্বরে। শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে মাত্র ৮৬ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।
এর আগে আইপিএলে হায়দরাবাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৯৬ রান। ২০১৯ সালে মুম্বাইয়ের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল তারা। এবার সেটিও পেছনে ফেলল এই ব্যর্থতা। একই সঙ্গে এটি আইপিএলে হায়দরাবাদের সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ২০২৫ সালে কলকাতার বিপক্ষে ৮০ রানে হেরেছিল দলটি।
অন্যদিকে, হায়দরাবাদের বিপক্ষে এটিই গুজরাট টাইটান্সের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এক ম্যাচেই দুই দলের ইতিহাসে যোগ হলো নতুন দুই রেকর্ড; একটি গৌরবের, অন্যটি হতাশার।