বাংলাদেশের কাছে মিরপুর টেস্টে ১০৪ রানের হারের পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। সাবেক ক্রিকেটারদের অনেকেই দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমলও।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় পাকিস্তান দলের ব্যাটিং ও মানসিকতা নিয়ে ক্ষোভ ঝাড়েন আকমল। তার দাবি, চতুর্থ ইনিংসে ২৭০ রানের লক্ষ্য তাড়া করা পাকিস্তানের জন্য কঠিন হবে, সেটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন। এমনকি ম্যাচ বাঁচাতে বৃষ্টির প্রত্যাশাও করেছিলেন বলে জানান তিনি।
আকমলের ভাষ্য, শেষ ইনিংসে দীর্ঘ সময় ব্যাট করে বড় রান তাড়া করতে হলে আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা দরকার, যা এই পাকিস্তান দলে নেই। তিনি বলেন, ‘বড় রান তাড়া করার কথা তারাই বলতে পারে যারা নিয়মিত ভালো ক্রিকেট খেলছে।’
পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, মাঠের খেলাই আসল সত্য তুলে ধরে। তার মতে, দলটি একই ভুল বারবার করছে, কিন্তু সেখান থেকে শিক্ষা নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বাংলাদেশের বিপক্ষে এই হারকে বড় ধাক্কা হিসেবে দেখছেন আকমল। তার মতে, ম্যাচজুড়ে পাকিস্তানের ক্রিকেটারদের শরীরী ভাষা ও পরিকল্পনার ঘাটতি ছিল চোখে পড়ার মতো। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষ দলগুলোও পাকিস্তানকে দুর্বল ভাবতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের বাড়াবাড়ি নিয়েও কটাক্ষ করেছেন সাবেক এই ক্রিকেটার। আকমল বলেন, ‘ক্রিকেট অনলাইনে নয়, মাঠেই প্রমাণ করতে হয়।’ তার মতে, বাংলাদেশ সেটিই করে দেখিয়েছে।
শুধু ক্রিকেটারদের নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনাকেও দায়ী করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন না আনলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলেও সতর্ক করেন আকমল।
তবে সমালোচনার মাঝেও বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি তিনি। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব এবং নাহিদ রানার গতিময় বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন আকমল। তার মতে, বর্তমান বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামর্থ্য রাখে।