লা লিগার শিরোপা উদযাপনের মাঝেই আলোচনায় উঠে এসেছে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। খোলা বাসে শিরোপা উদযাপনের সময় তার হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। আর সেই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।
গতকাল ১২ মে (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে খুব সতর্কভাবে জবাব দেন জার্মান এই কোচ। সরাসরি বিতর্কে না জড়িয়ে তিনি জানান, বিষয়টি পুরোপুরি ইয়ামালের ব্যক্তিগত সিদ্ধান্ত।
ফ্লিক বলেন, ‘আমি এটা পছন্দ করি না। আমি তার (ইয়ামাল) সঙ্গে কথা বলেছি। যদি সে এটা করতে চায়, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। তার বয়স এখন ১৮।’
রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এরপর খোলা বাসে শহরজুড়ে উদযাপন করে দলটি। সেই সময়ই বাসের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় ইয়ামালকে। মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফ্লিক মনে করেন, ফুটবলারদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বড়। তাই মাঠের বাইরের প্রতিটি আচরণও গুরুত্বের সঙ্গে দেখা হয়। বার্সা কোচ বলেন, ‘আমাদের বুঝতে হবে মানুষ আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করে। আমরা ফুটবল খেলি, আর মানুষ আমাদের কাছ থেকে কী আশা করে তা আপনি দেখতে পারেন।’
শিরোপা উদযাপনের সময় সমর্থকদের আবেগও ছুঁয়ে গেছে ফ্লিককে। তিনি বলেন, ‘রাস্তায় মানুষের চোখে আপনি আনন্দের অশ্রু দেখেছেন। তারা সত্যিই খুব খুশি ছিল। এ কারণেই আমরা এখানে আছি। মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আমরা ফুটবল খেলি।’
যেখানে পুরো-বিশ্ব জানে ফিলিস্তিনে কী চলছে, সেখানে বার্সা বসের এমন বিতর্কিত মন্তব্য সত্যিই প্রশ্নবিদ্ধ।