বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেও যেন পুরো স্বস্তিতে নেই সুইডেন। কারণ দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এক তারকাকে ঘিরে, ডেজান কুলুসেভস্কি। টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ডকে ছাড়াই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ গ্রাহাম পটার।
দীর্ঘদিনের হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ২৬ বছর বয়সী এই তারকা। প্রায় এক বছর ধরেই মাঠের বাইরে রয়েছেন তিনি। তাই শেষ পর্যন্ত ঝুঁকি নিতে চাননি সুইডিশ কোচিং স্টাফ।
স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে গ্রাহাম পটার বলেন, ‘এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। গত এক বছরে সে কোথায় ছিল, কী করেছে এবং পুনর্বাসনের কোন পর্যায়ে আছে। সবকিছু বিবেচনায় নিতে হয়েছে। প্রথম ম্যাচের এখনও সাড়ে চার সপ্তাহ বাকি, কিন্তু তার বর্তমান অবস্থার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অনেক সমর্থকই আশা করেছিলেন, শেষ মুহূর্তে হলেও হয়তো কুলুসেভস্কিকে দলে রাখা হবে। কিন্তু পটার স্পষ্ট করে দিয়েছেন, পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি নিতে রাজি নন তিনি।
তবে ইনজুরির কারণে দুশ্চিন্তায় থাকা আরেক ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাককে রেখেছেন স্কোয়াডে। গত মৌসুমে চোটের সঙ্গে লড়াই করলেও বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে বিশ্বাস কোচের।
বিশ্বকাপ বাছাইপর্বে খুব একটা ভালো সময় কাটেনি সুইডেনের। নিজেদের গ্রুপে মাত্র দুই পয়েন্ট নিয়ে সবার নিচে থেকেই শেষ করেছিল তারা। কিন্তু উয়েফা নেশনস লিগ ‘সি’ গ্রুপে ভালো পারফরম্যান্সের সুবাদে প্লে-অফ খেলার সুযোগ পায় দলটি। পরে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে সুইডিশরা।
দলে অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণ রাখার চেষ্টা করেছেন পটার। ডিফেন্সে ভিক্টর লিন্ডেলফ, মিডফিল্ডে লুকাস বার্গভাল আর আক্রমণে আলেক্সান্ডার ইসাক ও ভিক্টর ইয়োকেরেসদের ওপরই সবচেয়ে বেশি ভরসা থাকবে সুইডেনের।
সুইডেনের বিশ্বকাপ স্কোয়াডঃ
গোলরক্ষক: ক্রিস্টোফার নর্ডফেল্ট, ভিক্টর জোহানসন, জ্যাকব উইডেল জেটারস্ট্রম।
ডিফেন্ডার: ড্যানিয়েল সভেনসন, ভিক্টর লিন্ডেলফ, ইসাক হিয়েন, কার্ল স্টারফেল্ট, এলিয়ট স্ট্রাউড, গুস্তাফ লাগারবিয়েলকে, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, এমিল হোম, হিয়ালমার একডাল, এরিক স্মিথ।
মিডফিল্ডার ও ফরোয়ার্ড: তাহা আলি, ইয়াসিন আয়ারি, লুকাস বার্গভাল, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর ইয়োকেরেস, ইয়েসপার কার্লস্ট্রম, গুস্তাফ নিলসন, বেঞ্জামিন নিয়গ্রেন, ম্যাথিয়াস সভানবার্গ, বেসফোর্ট জেনেলি, আলেক্সান্ডার ইসাক, আলেক্সান্ডার বার্নহার্ডসন, কেন সেমা।