লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হয়েছিল বার্সেলোনার। তাই আলাভেসের মাঠে নামার আগে ছিল উৎসবের আবহ। ম্যাচ শুরুর আগে ‘গার্ড অব অনার’ দিয়ে নতুন চ্যাম্পিয়নদের সম্মানও জানায় দেপোর্তিভো আলাভেস। কিন্তু সম্মানের সেই রাতই শেষ পর্যন্ত হতাশায় রূপ নিল হ্যান্সি ফ্লিকের দলের জন্য।
ম্যাচজুড়ে বলের দখল নিজেদের কাছে রাখলেও আক্রমণে ছিল না পরিচিত ধার। শেষ পর্যন্ত আলাভেসের কাছে ১-০ গোলে হেরে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার স্বপ্ন ভেঙে গেল বার্সেলোনার।
বুধবার দিবাগত রাতে আলাভেসের মাঠে শুরু থেকেই কিছুটা ছন্দহীন ফুটবল খেলেছে কাতালানরা। আক্রমণে বারবার উঠলেও গোলমুখে কার্যকর হতে পারেনি তারা। পুরো ম্যাচে অবিশ্বাস্যভাবে লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি বার্সা, যা চলতি মৌসুমে তাদের পারফরম্যান্সের সঙ্গে একেবারেই বেমানান।
প্রথমার্ধে ছয়টি এবং দ্বিতীয়ার্ধে দুটি শট নিলেও কোনোটিই প্রতিপক্ষ গোলরক্ষকের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায়নি। অন্যদিকে, কম সুযোগ পেয়েও অনেক বেশি গোছানো ও কার্যকর ফুটবল খেলেছে আলাভেস।
প্রথমার্ধের যোগ করা সময়েই আসে ম্যাচের একমাত্র গোল। দ্রুতগতির আক্রমণ থেকে সুযোগ তৈরি করে বার্সার রক্ষণ ভেঙে জালে বল পাঠান ইব্রাহিম দিয়াবাতে। সেই গোলের জবাব আর দিতে পারেনি বার্সেলোনা।
এই হারের মাধ্যমে লিগে বার্সেলোনার টানা ১১ ম্যাচ জয়ের ধারা থেমে গেল। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম পরাজয়। কয়েকদিন আগেই এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল তারা।
৩৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট এখন ৯১। ফলে মৌসুম শেষে ১০০ পয়েন্ট স্পর্শ করার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে, আলাভেসের জন্য এই জয় ছিল বাঁচা-মরার লড়াইয়ে বিশাল স্বস্তির। অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসে ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে দলটি। তাদের নিচের চারটি দলের পয়েন্ট ৩৯ করে হওয়ায় টিকে থাকার লড়াই আরও জমে উঠেছে। তবে গুরুত্বপূর্ণ এই জয় আলাভেস শিবিরে এনে দিয়েছে স্বস্তির হাসি।