ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের মহারণ। ১৯৩০ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন পর্যন্ত পেরিয়েছে ২২টি আসর, যেখানে অংশ নিয়েছে বিশ্বের সেরা সেরা দলগুলো।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে মূল পর্বে খেলেছে মোট ৮০টি দেশ। সেই সব দলের পারফরম্যান্স হিসাব করেই তৈরি করা হয়েছে বিশ্বকাপের অলটাইম র্যাংকিং। যেখানে শুধু শিরোপা নয়, গুরুত্ব পেয়েছে জয়, ড্র, গোল ব্যবধান এবং ধারাবাহিকতাও।
এই র্যাংকিং তৈরিতে ব্যবহার করা হয়েছে একটি অভিন্ন পয়েন্ট পদ্ধতি। প্রতিটি জয়ে ধরা হয়েছে ৩ পয়েন্ট এবং ড্রয়ে ১ পয়েন্ট। দুই দলের পয়েন্ট সমান হলে প্রথমে বিবেচনায় এসেছে গোল ব্যবধান। এরপরও সমতা থাকলে দেখা হয়েছে মোট গোলসংখ্যা।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ও ঐতিহ্যবাহী দল হিসেবে এখনো সবার ওপরে রয়েছে ব্রাজিল। একমাত্র দল হিসেবে ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে খেলেছে তারা। ফলে ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে সেটি হবে ব্রাজিলের টানা ২৩তম বিশ্বকাপ।
শুধু নিয়মিত অংশগ্রহণই নয়, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেও অনন্য ‘সেলেসাও’রা। ১১৪ ম্যাচে ৭৬ জয়, ১৯ ড্র ও ১৯ হারে তাদের সংগ্রহ ২৪৭ পয়েন্ট। বিশ্বকাপে ব্রাজিল করেছে ২৩৭ গোল, আর গোল ব্যবধান +১২৯। ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালেও শিরোপা ঘরে তোলে তারা।
অলটাইম র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। পশ্চিম জার্মানি ও একীভূত জার্মানির রেকর্ড মিলিয়ে ২০২২ পর্যন্ত তারা খেলেছে ২০টি বিশ্বকাপ। ১১২ ম্যাচে ২২৫ পয়েন্ট নিয়ে তারা এখনো ব্রাজিলের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি প্রথম ট্রফি জেতে ১৯৫৪ সালে। এরপর ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ সালে আবারও বিশ্বকাপ জেতে তারা। সবমিলিয়ে আটবার ফাইনাল খেলেছে জার্মানরা, যা বিশ্বকাপ ইতিহাসে তাদের ধারাবাহিক সাফল্যের বড় প্রমাণ।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে অলটাইম তালিকার তিন নম্বরে। ৮৮ ম্যাচে ৪৭ জয়, ১৭ ড্র ও ২৪ হারে তাদের পয়েন্ট ১৫৮। বিশ্বকাপে আর্জেন্টিনা করেছে ১৫২ গোল এবং তাদের গোল ব্যবধান +৫১।
১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে ‘আলবিসেলেস্তেরা’রা। এ ছাড়া মোট ছয়বার ফাইনাল খেলেছে তারা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ খেললেও ১৯৩৮, ১৯৫০, ১৯৫৪ ও ১৯৭০ সালের আসরে অংশ নেয়নি আর্জেন্টিনা। তবে ১৯৭৪ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই নিয়মিত খেলেছে তারা।
বিশ্বকাপ জয়ের দিক থেকে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকলেও অলটাইম পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইতালি। ৮৩ ম্যাচে ৪৫ জয় নিয়ে তাদের সংগ্রহ ১৫৬ পয়েন্ট। গোল ব্যবধানও +৫১, যা আর্জেন্টিনার সমান।
ইতালি চারবার বিশ্বকাপ জিতেছে ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে। তবে টানা তিনটি বিশ্বকাপে অংশ নিতে না পারায় অলটাইম র্যাংকিংয়ে কিছুটা পিছিয়ে পড়েছে তারা।
তালিকার পাঁচ নম্বরে রয়েছে ফ্রান্স। ৭৩ ম্যাচে ৩৯ জয় নিয়ে তাদের সংগ্রহ ১৩১ পয়েন্ট এবং গোল ব্যবধান +৫১। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে ফরাসিরা। এরপর ২০১৮ সালে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে তারা। এছাড়া ২০০৬ ও ২০২২ সালে ফাইনালে উঠেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।