দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে আবারও ফুটবল বিশ্বকাপের মূল আসরে ফিরছে নিউজিল্যান্ড। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ ড্যারেন বেজলি। অভিজ্ঞতা আর তরুণদের সমন্বয়ে গড়া এই স্কোয়াড নিয়ে নতুন স্বপ্ন দেখছে কিউইরা।
দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস উডকে। প্রিমিয়ার লিগে সাম্প্রতিক সময়ে ইনজুরিতে ভুগলেও তার নেতৃত্বের অভিজ্ঞতার ওপর পূর্ণ আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এবারের স্কোয়াডে আরেকটি বড় চমক অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ। ৩৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার ফলে উড ও স্মিথ দুজনই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়তে যাচ্ছেন। এর আগে তারা ২০১০ বিশ্বকাপেও ছিলেন দলের সদস্য।
অধিনায়কত্ব পাওয়ার মাধ্যমে নিউজিল্যান্ড ফুটবলের কিংবদন্তি স্টিভ সামনার ও রায়ান নেলসেনের পাশে নিজের নাম লেখালেন ক্রিস উড। বড় মঞ্চে তার অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই বিশ্বাস কোচিং স্টাফের।
দল ঘোষণার সময় কোচ ড্যারেন বেজলি জানান, গত কয়েক বছরে প্রায় ৫৫ জন ফুটবলারকে পর্যবেক্ষণ করার পর চূড়ান্ত ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে। তার মতে, বিশ্বকাপের মতো আসরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রতিটি খেলোয়াড়ের জন্যই বিশেষ সম্মানের।
স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকেও সুযোগ দেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই তরুণদের ওপর আস্থা রাখছে নিউজিল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড খেলবে গ্রুপ ‘জি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও মিশর।
এর আগে দুইবার বিশ্বকাপে খেললেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। তবে দীর্ঘ বিরতির পর বিশ্বমঞ্চে ফিরে এবার নিজেদের নতুনভাবে প্রমাণ করতে চায় কিউইরা।
নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।
ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।
মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।
ফরোয়ার্ড: ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।