চার বছরের সম্পর্কের ইতি টানছেন রবার্ট লেভানডস্কি। চলতি মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পোল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। ক্যাম্প ন্যুতে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা ছিল, শেষ পর্যন্ত নতুন চুক্তিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চলতি বছরের শুরুতে ইএসপিএন জানিয়েছিল, লেভানডস্কির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল বার্সেলোনা। তবে বেতন কমানোর শর্ত থাকায় বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না এই অভিজ্ঞ ফরোয়ার্ড। অন্যদিকে ইউরোপ, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাবও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে।
৩৭ বছর বয়সী লেভানডস্কি আগামীকাল (রোববার) রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার শেষ হোম ম্যাচেই সমর্থকদের বিদায় জানাতে পারেন। চার বছরে কাতালান ক্লাবটির হয়ে তিনটি লা লিগা, তিনটি সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন তিনি।
২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেন লেভানডস্কি। ক্লাবটির হয়ে ১৯১ ম্যাচে করেছেন ১১৯ গোল। চলতি মৌসুমেও ছিলেন দারুণ কার্যকর। লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে ১৮ গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
বিদায়ের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে লেভানডস্কি লিখেছেন, ‘চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে পরিপূর্ণ চার বছর শেষে এখন এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমি এই অনুভূতি নিয়ে ক্লাব ছাড়ছি যে মিশন শেষ। চার মৌসুমে তিনটি চ্যাম্পিয়নশিপ। আমি প্রথম দিন থেকে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কোনোদিন ভুলব না। পৃথিবীতে কাতালুনিয়া আমার জায়গা।’
তিনি আরও লিখেছেন, ‘এই সুন্দর চারটি বছরে আমার যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। আমার ক্যারিয়ারের সবচেয়ে অসাধারণ অধ্যায় কাটানোর সুযোগ দেওয়ায় প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাকে বিশেষ ধন্যবাদ। বার্সা তার যোগ্য স্থানে ফিরে এসেছে।’