ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের লিগ পর্ব শেষ হতে বাকি আর মাত্র দুই ম্যাচ। কিন্তু এখনো চলতি মৌসুমে মাঠে নামা হয়নি মহেন্দ্র সিং ধোনির। চোটের কারণে পুরো আসরজুড়েই অনিশ্চয়তায় ছিলেন ‘থালা’। তবে আজ (সোমবার) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের শেষ হোম ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অন্যরকম আবেগ।
অনেক সমর্থকই বিশ্বাস করছেন, চেপুকে এটাই হতে পারে ধোনির শেষ উপস্থিতি। কারণ পাঁচ বছর আগেই নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন এই কিংবদন্তি।
২০২১ সালে চেন্নাইয়ের ট্রফি উদযাপনের সময় ধোনি বলেছিলেন, ‘আমার ক্রিকেট নিয়ে পরিকল্পনা সবসময় থাকে। শেষবার আমি খেলেছিলাম রাঁচিতে। ওয়ানডেতে আমার শেষ হোম ম্যাচ খেলেছিলাম আমার শহর রাঁচিতে। তাই আশা করি, আমার শেষ টি-টোয়েন্টি হবে চেন্নাইতে, সেটা হতে পারে পরের বছর কিংবা পাঁচ বছরের মধ্যে, আমরা আসলে জানি না।’
সেই পাঁচ বছরের সময়সীমা যেন এসে থামছে আজকের ম্যাচেই। কারণ চলতি মৌসুমে চেন্নাইয়ের আর কোনো হোম ম্যাচ নেই। তাই ধোনিকে শেষবারের মতো মাঠে দেখার অপেক্ষায় আছেন স্থানীয় সমর্থকেরা।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি ধোনি। তবে দীর্ঘদিনের আন্তর্জাতিক সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, হায়দরাবাদের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে এই উইকেটকিপার ব্যাটারের। এমনকি তিনি দাবি করেন, গত দুই-তিন ম্যাচ ধরেই খেলার মতো ফিট ছিলেন ধোনি।