বিশ্বকাপের ইতিহাসে নতুন এক গল্প লিখতে যাচ্ছে কুরাসাও। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ক্যারিবিয়ান দ্বীপদেশটিকে। সেই স্বপ্নযাত্রার অংশ হিসেবেই সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলটি।
ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনেই বিশ্বকাপে খেলবে কুরাসাও। দেশটিকে বিশ্বকাপে তোলার পর গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়লেও, পরে আবারও ফিরে আসেন তিনি। এবার বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবেও রেকর্ড গড়তে যাচ্ছেন অভিজ্ঞ এই ট্যাকটিশিয়ান।
‘ই’ গ্রুপে কুরাসাওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট, ইকুয়েডর ও জার্মানি। কঠিন এই গ্রুপে লড়াইয়ের জন্য বাছাইপর্বে সফল হওয়া দলটিকেই বেশি প্রাধান্য দিয়েছেন অ্যাডভোকাট।
গোলবারের নিচে অভিজ্ঞ এলোয় রুম থাকছেন বড় ভরসা হয়ে। ডিফেন্সে জুরিয়েন গারি ও রোশন ভ্যান ইজমার ওপর থাকবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। মিডফিল্ডে নজর থাকবে দুই ভাই লিয়েন্দ্রো ও জুনিনহো বাকুনার দিকে। বাছাইপর্বে তিন গোল করে আলো ছড়িয়েছেন জুনিনহো, আর অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন লিয়েন্দ্রো।
আক্রমণভাগেও রয়েছে অভিজ্ঞতা আর গতি। জুর্গেন লোকাডিয়া ও জের্ল মারগারিথার নেতৃত্বে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করতে চায় কুরাসাও। বাছাইপর্বে আট গোল করা জারভেনে কাস্তানিরও আছেন স্কোয়াডে। এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় দলে অভিষেক হওয়া তাহিথ চং দ্রুতই নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন।
কুরাসাও বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: টাইরিক বোডাক, ট্রেভর ডোর্নবুশ এবং এলোয় রুম;
ডিফেন্ডার: রিশেডলি বাজোয়ার, জশুয়া ব্রেনেট, রোশন ভ্যান ইজমা, শ্যারেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, জুরিয়েন গারি, আরমান্দো ওবিস্পো এবং শুরান্ডি সাম্বো;
মিডফিল্ডার: জুনিনহো বাকুনা, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, কেভিন ফেলিডা, আর'জানি মার্থা, টাইরেস নোসলিন এবং গডফ্রিড রোমেরাতো;
ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে, তাহিথ চং, কেনজি গোরি, সন্টজে হ্যানসেন, জারভেনে কাস্তানির, ব্র্যান্ডলি কুয়াস, জুর্গেন লোকাডিয়া এবং জের্ল মারগারিথা।