বিশ্বকাপের আগে ব্রাজিল দলে এবার দেখা গেল এক ভিন্ন চিত্র। ইউরোপের বড় ক্লাবগুলোর আধিপত্যের মাঝেও সবচেয়ে বেশি ফুটবলার জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে। কার্লো আনচেলত্তি ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত দলে এই ক্লাব থেকে সুযোগ পেয়েছেন চারজন ফুটবলার। প্রায় তিন দশক পর বিশ্বকাপের ব্রাজিল দলে এমন ঘটনা ঘটল।
সর্বশেষ ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে চারজন খেলোয়াড় সুযোগ পেয়েছিলেন। সেই দলে ছিলেন জেত্তি, কাফু, লিওনার্দো ও মুলার। এরপর বিদেশি ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিও চারজন প্রতিনিধি পাঠানোর কীর্তি গড়েছিল।
এবার ফ্ল্যামেঙ্গো থেকে ব্রাজিল দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো, দানিলো ও লিও পেরেইরা এবং মিডফিল্ডার লুকাস পাকেতা। যদিও প্রাথমিক দলে থাকা লিও অর্টিজ, সামুয়েল লিনো ও পেদ্রো শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি।
শুধু তাই নয়, ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে ব্রাজিল দলে চারজন ফুটবলার পাঠাল ফ্ল্যামেঙ্গো। সেই বিশ্বকাপে ক্লাবটি থেকে ডাক পেয়েছিলেন জাগালো, দিদা, জোয়েল ও মোয়াসির। পরে সুইডেনকে হারিয়ে শিরোপাও জিতেছিল ব্রাজিল।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপে ফ্ল্যামেঙ্গোর প্রতিনিধির সংখ্যা আরও বাড়তে পারে। কারণ উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডরের দলেও এই ক্লাবের কয়েকজন ফুটবলার সুযোগ পেতে পারেন।
এদিকে রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অব টুমরো’ তে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্বকাপ দল ঘোষণা করেছে ব্রাজিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, কর্মকর্তাসহ ফুটবল বিশ্বের পরিচিত অনেক মুখ। ১৩টি দেশের ৬০০-এর বেশি সাংবাদিক অনুষ্ঠানটি কভার করেন।
আগামী ২৭ মে থেকে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে ব্রাজিল দল। তবে পিএসজি ও আর্সেনালের যেসব ফুটবলার স্কোয়াডে আছেন, তারা ইউরোপসেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনাল খেলে পরে দলের সঙ্গে যোগ দেবেন।