বলিউড সুপারস্টার শাহরুখ খানকে সাধারণত দর্শকরা দেখেন আত্মবিশ্বাসী, রসিক ও ক্যারিশম্যাটিক একজন তারকা হিসেবে। কিন্তু তার ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত মাঝেমধ্যে সামনে এনে দেয় একেবারে ভিন্ন একজন শাহরুখকে, যিনি পরিবার, সম্পর্ক এবং পোষা প্রাণীর প্রতি ভীষণ আবেগপ্রবণ।
সম্প্রতি এমনই একটি পুরোনো ঘটনা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে উঠে এসেছে নিজের পোষা কুকুরের প্রতি শাহরুখের গভীর ভালোবাসার গল্প।
ঘটনাটি প্রকাশ্যে আনেন তার স্ত্রী গৌরী খানের এক আত্মীয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একসময় পরিবারের প্রিয় পোষা কুকুরটি মারা যাওয়ার পর সেটিকে তড়িঘড়ি করে কবর দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিষয়টি মেনে নিতে পারেননি শাহরুখ।
গৌরী খানের মামা একটি পুরনো সাক্ষাৎকারে জানান, একসময় তিনি গৌরীকে ওই পোষ্য কুকুরটি উপহার দিয়েছিলেন। সেই পোষ্যের প্রতি মায়ায় জড়িয়ে পড়েছিলেন শাহরুখও। সাক্ষাৎকারে তিনি জানান, শাহরুখ শুটিংয়ে বাইরে থাকাকালীন কুকুরটি মারা যায়। বাড়ির কর্মীরা পোষ্যের দেহ কাপড়ে মুড়ে সমুদ্রের ধারে কবর দিয়ে দেন। গভীর রাতে বাড়ি ফিরে শাহরুখ যখন জানতে পারেন যে তার প্রিয় পোষ্য আর নেই, তখন তিনি ভেঙে পড়েছিলেন।
সেদিন রাত আড়াইটার সময়ে শাহরুখ বাড়ির কর্মীদের ঘুম থেকে তুলে কবরের জায়গা দেখাতে বলেন। এর পরে শাহরুখ নিজেই মাটি খুঁড়ে পোষ্য কুকুরের দেহ তুলে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির পেছনের বাগানে নতুন করে সমাধি দেন। সেই সময়ে শাহরুখ কান্নায় ভেঙে পড়েছিলেন। কড়া ভাবেই কর্মীদের বলেছিলেন, ‘আমার কুকুরকে এভাবে ফেলে দিলে কীভাবে? সে বেঁচে থাকুক বা না থাকুক, আমাদের সঙ্গেই সে থাকবে।’
দ্য ইকোনোমিক টাইমস ও আনন্দবাজার জানিয়েছে, এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখের আবেগী দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন মানুষের ভেতরে এত গভীর সংবেদনশীলতা খুব কমই দেখা যায়। আবার অনেক ভক্তের মতে, প্রাণীদের প্রতি শাহরুখের ভালোবাসা নতুন কিছু নয়; অতীতেও একাধিক সাক্ষাৎকারে তিনি পোষা প্রাণীর প্রতি নিজের দুর্বলতার কথা বলেছেন।
শাহরুখ ও গৌরীর পরিবারে দীর্ঘদিন ধরেই পোষা প্রাণী ছিল। মুম্বাইয়ের বিখ্যাত বাড়ি মান্নাত-এ তাদের সন্তানদের বড় হওয়ার সময়ও পোষা প্রাণীরা পরিবারের অংশ হয়ে ছিল বলে ভারতীয় বিনোদনমাধ্যমে বহুবার উল্লেখ করা হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ব্যস্ত শুটিং সূচির মধ্যেও শাহরুখ বাড়িতে সময় কাটাতে পছন্দ করেন এবং পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্তগুলোকে খুব গুরুত্ব দেন।
এদিকে এই ঘটনা নতুন করে সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শাহরুখের মানবিক দিক নিয়ে নানা মন্তব্য করছেন।
কেউ লিখেছেন, ‘তারকাখ্যাতির আড়ালে এটাই আসল শাহরুখ।’ আবার কেউ বলছেন, ‘যে মানুষ প্রাণীর জন্য কাঁদতে পারে, সে কখনো পুরোপুরি কঠোর হৃদয়ের হতে পারে না।’
বর্তমানে শাহরুখ খান নতুন কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট ও বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তার আসন্ন অ্যাকশন-ড্রামা ঘরানার ছবির কাজও এগোচ্ছে দ্রুত। তবে কাজের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনের এমন ছোট ছোট গল্পই তাকে ভক্তদের কাছে আরও আলাদা করে তোলে।